নোয়াখালীতে নির্বাচন-পরবর্তী সহিংসতা, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জেলা জামায়াতে ইসলামী। এ সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল দলটির কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। অনিবার্য কারণে বিক্ষোভ সমাবেশটি স্থগিত করেছে জেলা জামায়াত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
ইসহাক খন্দকার বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে নোয়াখালীর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কেন্দ্রীয় জামায়াতের আমির নোয়াখালী সফরের কথা থাকলেও অনিবার্য কারণবশত সফরটি স্থগিত করা হয়েছে। পাশাপাশি জেলা জামায়াতের সকল কর্মসূচি বাদ দেওয়া হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বিক্ষোভ সমাবেশের কথা জানান।