Image description
 

চাঁদপুরের মতলব উত্তরে সবজির বাজারে কয়েক দিন ধরে তিন গুণের বেশি দামে বিক্রি হচ্ছে লেবু। আমদানি কমে যাওয়ায় অজুহাতে এক হালি লেবু বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।

 

বিক্রেতাদের দাবি, আমদানি কমে যাওয়ায় লেবুর সংকট চলছে বাজারে। এ জন্য বেশি দাম। তবে কী কারণে লেবু বাজারে উঠছে না, তা বলতে পারছেন না ব্যবসায়ী ও বিক্রেতারা।

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ও রবিবার (১৫ ফেব্রুয়ারি) ঘুরে দেখা গেছে, কয়েকটি দোকানে সামান্য পরিমাণে লেবু আছে। দুই একজন ক্রেতা দরদাম করছেন। লেবুর দাম শুনে চলে যাচ্ছেন অনেকে।

 

এ সময় রোজার আগে হঠাৎ লেবুর দাম বাড়ল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

উপজেলার সুজাতপুর বাজারের দোকানি মো.হালিম, মোবারক ও  মন্জু হোসেনের দাবি, বাজারে লেবুর চাহিদা অনেক। কিন্তু লেবু তেমন আসছে না। মোকামে গিয়ে তেমন হারে মাল আনতে পারছেন না। সিলেট থেকে যে লেবু আসত, সেগুলোও আসছে না। চাহিদা অনুসারে লেবু না আসায় দাম বেশি। প্রতি এক হালি লেবু বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। লেবুর এ মূল্য স্বাভাবিক মূল্যের তিন গুণের বেশি।

 

অভিযোড়ের সুরে উপজেলার ইসলামাবাদ এলাকার গৃহবধূ ফাহিমা আক্তার বলেন, লেবুর দামে রীতিমতো আগুন। দাম কমানোর কোনো লক্ষণ নেই। কারও মাথাব্যথাও নেই। দুইদিন ধইরা বাজারে আইসা একটা লেবুও কিনতে পারিনি। এত দাম দিয়া কেমনে কিনুম। সবাই ব্যস্ত ইলেকশনে, লেবু নিয়া কারও মাথাব্যথা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বাজারে ভোগ্যপণ্য ও কাঁচাবাজারের দাম স্থিতিশীল ও সহনীয় রাখতে প্রশাসনের নজরদারি আছে।  লেবুর দাম এত কেন বাড়ল, তা খতিয়ে দেখবেন।

দেশ ‍রূপান্তর