ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে বিপুল সংখ্যক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত হয়ে বিএনপি প্রার্থীকে সমর্থন জানান।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথিসহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান।
এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আজমল খানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহল রানা।
উঠান বৈঠকে আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বিএনপি প্রার্থীর পক্ষে সমর্থন ঘোষণা করেন। সমর্থনদানকারী আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারি, ফাহিমা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বর্তমান ও সাবেক চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর প্রমুখ।
এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, স্বাধীনতার স্বপক্ষের প্রার্থী হিসেবে চৌধুরী নাদিরা আক্তারকে তারা সমর্থন দিয়েছেন এবং আগামীতেও তার পাশে থাকবেন।
বক্তব্যে বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার বলেন, আমাদের আগামীর রাষ্ট্রনায়ক, আমাদের দলের চেয়ারম্যান বলেছেন- সবার আগে বাংলাদেশ। তাই আমরা বলছি, সবার আগে শিবচর। কারণ প্রতিটি গ্রাম, উপজেলা ও জেলা নিয়েই বাংলাদেশ গঠিত।
তিনি আরও বলেন, আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধভাবে চললেই বিএনপিকে বিজয়ী করা সম্ভব। ঐক্যবদ্ধ না থাকলে আমাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে না।
নির্বাচনের পর পরিস্থিতি নিয়ে আশ্বাস দিয়ে তিনি বলেন, আগামী দিনে কারো নামে কোনো মিথ্যা মামলা থাকবে না। নির্বাচনের পর কাউকে অযথা হয়রানি করা হবে না। আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে আধুনিক হিসেবে গড়ে তুলতে কঠিন হবে না। ঐক্যবদ্ধভাবেই আমরা শিবচরকে নতুনভাবে গড়ে তুলব।