Image description

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের পরিবর্তনের জন্য যুবকেরা লড়াই করেছে, জীবন দিয়েছে। ১৩ তারিখ থেকে সেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এ দেশ তোমরাই গড়বে। সেদিন তোমরাই বলবে ‘আমরাই বাংলাদেশ’।

বাংলাদেশ নামক উড়োজাহাজের চালক হবে এ দেশের যুবকেরা, আমরা থাকব প্যাসেঞ্জারের সিটে।

কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিপুল সংখ্যক মানুষ বেকার। তারা রাস্তায় নেমে বলেনি, আমাদের বেকার ভাতা দিন।

তারা বলেছে, ‘উই ওয়ান্ট জাস্টিস’। আমার যোগ্যতা ও মেধা অনুযায়ী আমাকে কাজ দিতে হবে। প্রিয় যুবকেরা, আমরা কথা দিচ্ছি, তোমাদের প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলব। তোমাদের হাতে বেকার ভাতা নয়, মর্যাদা অনুযায়ী কাজ তুলে দেব।

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, বিদেশে পাচারকারীদের পেটে হাত দিয়ে ২৮ লাখ কোটি টাকা ফিরিয়ে আনব। যে এলাকা যত বেশি পিছিয়ে, সেই এলাকাকে অগ্রাধিকার দিয়ে তত বেশি এগিয়ে নেওয়া হবে। আমরা দুর্নীতি নিজেরাও করব না, অন্য কাউকে করতেও দেব না।