মহেশখালী–কুতুবদিয়া আসনের বিএনপি প্রার্থী আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চ ধসে পড়ে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কুতুবদিয়া উপজেলার আলি আকবর ডেইল ইউনিয়নের তবালের চর এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বক্তব্যের মঞ্চটি একদিকে হেলে পড়ে। তবে মঞ্চটি খুব বেশি উঁচু না হওয়ায় এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী কাইমুল হক ও নেছার উদ্দিন জানান, যে স্থানে মঞ্চটি নির্মাণ করা হয়েছিল সেটি মূলত একটি লবণের মাঠ। মাটি নরম থাকায় এবং অতিরিক্ত মানুষের চাপের কারণে মঞ্চের খুঁটি দেবে যায়, এতে পুরো মঞ্চটি ভেঙে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।