Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রচারণায় নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ ও গাজীপুরে পৃথক দুটি বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আজকের কর্মসূচির প্রথম পর্যায়ে ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জ সফর করছেন। সকাল ৯টায় কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। জামায়াত নেতারা জানিয়েছেন, সকাল ১০টা ৩০ মিনিটে আমির অনুষ্ঠানে যোগ দেবেন। এই জনসভায় তিনি কিশোরগঞ্জ জেলার ছয়টি নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

আমিরের এই সফরকে কেন্দ্র করে সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন স্থানীয় জামায়াত নেতারা। সেখানে তারা জনসভার প্রস্তুতি ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

কিশোরগঞ্জের কর্মসূচি শেষে দুপুরে জামায়াতের আমির গাজীপুর পৌঁছাবেন। দুপুর ১টা ৪৫ মিনিটে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

এই জনসভা সফল করতে সোমবার গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহানগর আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সমাবেশে জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ডা. শফিকুর রহমানের এই আগমন গাজীপুরবাসীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। এখান থেকে তিনি দেশ ও জাতির চলমান সংকট, সুশাসন, ন্যায়বিচার ও ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

জামায়াত আমিরের এই জোড়া সফরকে ঘিরে গাজীপুর ও কিশোরগঞ্জ জেলাজুড়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জনসভা সফল করতে কয়েক দিন ধরেই মাঠ প্রস্তুতকরণ, মাইকিং এবং প্রচার-প্রচারণা চালিয়েছে ১১ দলীয় জোট। উভয় স্থানেই ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।