নির্বাচনের আগে আত্মপ্রকাশ করলো ‘বাংলাদেশ গ্রিন পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল। সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে দলটির নাম ও স্লোগান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দলের আহ্বায়ক রিদওয়ান হাসান বাংলাদেশ গ্রিন পার্টির নাম ঘোষণা করেন এবং স্লোগান হিসেবে তুলে ধরেন ‘ইনসাফ ও প্রকৃতির পাহারাদার’।
রিদওয়ান হাসান জানান, এই উদ্যোগ হঠাৎ কোনও রাজনৈতিক ঘোষণা নয়; বরং ইনসাফভিত্তিক ও পরিবেশবান্ধব রাজনীতির প্রয়োজন থেকেই এর যাত্রা। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ কওমি আলেম ও শিক্ষার্থীদের নেতৃত্বে আগামীর তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন, সংগঠিত ও কর্মমুখর করাই তাদের মূল লক্ষ্য।
রিদওয়ান হাসান এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) সঙ্গে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে দলের ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা তুলে ধরেন, সদস্য সচিব সালাহউদ্দীন জাহাঙ্গীর।
অনুষ্ঠানে জানানো হয়, দলের আহ্বায়ক যাত্রাবাড়ী থানা কমিটির সদস্য হিসেবে এবং সদস্য সচিব ধামরাই থানা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্বগ্রহণ করেছেন।
আয়োজকরা জানান, এই যাত্রা কোনও প্রদর্শনীর রাজনীতি নয়; ধাপে ধাপে সংগঠন গড়ে তোলার একটি সচেতন উদ্যোগ। কেবলই মিছিল-মিটিং বা রাজনৈতিক শো-ডাউন গ্রিন পার্টির মূল লক্ষ্য নয়। আগামীর তরুণদের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ উপহার দেওয়া এবং কর্মমুখর করাও হবে দলটির অন্যতম লক্ষ্য।
বাংলাদেশ গ্রিন পার্টির পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই দলটির পরবর্তী কর্মসূচি ও সাংগঠনিক আপডেট প্রকাশ করা হবে। দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন এহসান সিরাজ।