ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা একা না, আমাদের সঙ্গে দেশের জনগণ আছে, ২৭৮টি আসনে আমরা একা প্রতিদ্বন্দ্বিতা করছি। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের কথা ও কাজের কোনো মিল নেই। তারা ইসলামী লেবাস ধরে আছে। তাদের মাঝে প্রকৃত ইসলাম নেই।
গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্থানীয় হাই স্কুল মাঠে আয়াজিত নির্বাচনী জনসভায় রেজাউল করিম এসব কথা বলেন। তিনি জামায়াতকে উদ্দেশ করে আরও বলেন, তারা স্পষ্ট বলেছেন, কোরআন-সুন্নাহর আলোকে শরিয়াহ আইনে দেশ পরিচালনা করবেন না, প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবেন। কিন্তু প্রচলিত আইনে দেশের শান্তি আসবে না। বিগত সরকারগুলোর মতো জেল-জুলুম, অন্যায়-অত্যাচার, দুর্নীতি, অপশাসন, বিদেশে টাকা পাচার বন্ধ করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা প্রয়োজন। শরিয়াহ আইনে শাসন ব্যবস্থা চালু করতে হবে। ৯২ শতাংশ মুসলমানের এই দেশে ইসলামী হুকুমত ছাড়া শান্তি সম্ভব নয়।
নবীনগরবাসীকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে দলের প্রার্থী নজরুল ইসলাম নজুকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান রেজাউল করিম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিমউদ্দিন সরকারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ
মনোনীত প্রার্থী মুহা. নজরুল ইসলাম নজু, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আহম্মদ আব্দুল্লাহ ইউসুফ, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সরকার, মাওলানা হাবিবুর রহমান
মির্জা, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আব্দুল মতিন প্রমুখ।