নেত্রকোণা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনাটিকে অগ্নিসংযোগ দাবি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ফাহিম রহমান।
ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী বিষয়ক সহসম্পাদক। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তাঁর বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান ভেতরে থাকা লোকজন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসীও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। ঘটনার সময় ফাহিম রহমান ঢাকায় ছিলেন।
ফাহিম রহমান খান পাঠান জানান, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ফোন নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি তিনি দলের কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছেন। তার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীরাই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।