ভারতীয় সিরিয়ালের দীর্ঘদিনের প্রভাব কমছে; ডিজিটাল মাধ্যমের বিস্তারে বাংলাদেশের দর্শকের পছন্দে যুক্ত হচ্ছে আরও নানান দেশের কন্টেন্ট। টিভি ও ডিজিটাল পর্দার এই পরিবর্তন পোশাক, খাবার ও জীবনযাপনেও ছাপ ফেলছে।
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর আবু বকরকে আদর্শ জীবনসঙ্গী হিসেবে দেখছেন বাংলাদেশের কোনো কোনো নারী দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রটি নিয়ে আলোচনায় এমন কাউকে স্বামী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষাও জানাচ্ছেন অনেকে। ইউটিউবের মাধ্যমে ভাষা ও দেশের সীমানা পেরিয়ে ধারাবাহিকটি পৌঁছে গেছে বাংলাদেশের দর্শকের কাছে।
এর আগে তুর্কি ধারাবাহিক ‘সুলতান সুলেমান’-এর হুররাম সুলতানাকে ঘিরেও তৈরি হয়েছিল আগ্রহ। দীপ্ত টিভিতে বাংলায় ডাবিং করা ধারাবাহিকটির জনপ্রিয়তার পর দেশীয় চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে জায়গা পায় আরও তুর্কি গল্প। ‘দিরিলিস: আরতুগ্রুল’, ‘কুরুলুস: উসমান’, ‘ফাতমাগুল’, ‘ফেরিহা’ ও ‘বাহার’-এর মতো ধারাবাহিকও দর্শক পেতে থাকে।
অথচ একসময় বাংলাদেশের ঘরে ঘরে আলোচিত বিদেশি ধারাবাহিকের চরিত্রগুলোর বড় অংশই ছিল ভারতীয়। ‘বোঝে না সে বোঝে না’র পাখি, ‘মা’র ঝিলিক কিংবা ‘কিরণমালা’র নাম শহর থেকে গ্রাম পর্যন্ত পরিচিত হয়ে উঠেছিল। পর্দার চরিত্রের নামে পোশাক বিক্রি হতো ঈদের বাজারে। পরিবারের বিনোদনের সময়সূচিও অনেক ক্ষেত্রে নির্ধারিত হতো এসব ধারাবাহিকের সম্প্রচার ঘিরে।

ভারতীয় ‘পাখি’ থেকে তুর্কি ‘হুররাম’ হয়ে পাকিস্তানি ‘আবু বকর’
বিভিন্ন দেশীয় সিরিয়ালগুলোর মধ্যে ভারতীয় সিরিয়াল বাংলাদেশের মানুষের জীবনে তীব্রভাবে প্রভাব রাখতে সক্ষম হয়েছিল; যা সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে দৃশ্যমান। ভারতীয় সিরিয়ালের প্রভাব এতটাই ছিল যে, ২০১৪ সাল একটি সিরিয়ালের নায়িকা পাখির ড্রেস ঈদের বাজারে আসার পর সেটি কিনতে না পেরে সে অন্তত তিনজন কিশোরী আত্মহত্যা করেছিল বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। পরের বছর নাটোরে একজন কিশোরী কিরণমালা সিরিয়াল দেখতে না দেওয়াকে কেন্দ্র করে আত্মহত্যা করে। সাভার, এবং সিরাজগঞ্জসহ আরও কয়েকটি জেলায় কিশোর ও কিশোরীরা বিভিন্ন সময় ভারতীয় সিরিয়াল দেখা এবং এসব সিরিয়ালের সাথে মিলিয়ে পোশাক কেনাকে কেন্দ্র করে আত্মহত্যা করেন।
এখন পোশাক নিয়ে সেই ক্রেজে যুক্ত হয়েছে আরও নানান দেশের সিরিয়ালের নায়িকারা। তুর্কি ও পাকিস্তানি ধারাবাহিকের পাশাপাশি কোরীয় নাটক, চীনা সিরিজ, জাপানি কনটেন্ট এবং দেশীয় মৌলিক প্রযোজনা দর্শকের সামনে পছন্দের পরিসর বাড়িয়েছে। অনলাইনে এক সার্চে দেখা গেছে, গত ১০ বছরে এমন খবর সংবাদমাধ্যমে পাওয়া যায়নি যে, কোন বাংলাদেশি কিশোরী ভারতীয় সিরিয়ালের নায়িকার পোশাকের আদলে বিক্রি হওয়া পোশাক কিনতে না পেরে আত্মহত্যা করেছেন।
তবে এই পরিবর্তনকে সরাসরি ভারতীয় সাংস্কৃতিক প্রভাবের অবসান বলা যায় কিনা, তা নিয়ে সতর্ক বিশ্লেষকেরা। তাদের মতে, দর্শক কী দেখছেন, তার পাশাপাশি কীভাবে দেখছেন—সেই পরিবর্তনও এখানে গুরুত্বপূর্ণ।
বিটিভির পর্দা থেকে ক্যাবল টেলিভিশন
বাংলাদেশে বিনোদনের এই বদল এক দিনে আসেনি। গত কয়েক দশকে মাধ্যমের পরিবর্তনের সঙ্গে পাল্টেছে দর্শকের অভ্যাস এবং দেশি-বিদেশি সাংস্কৃতিক পণ্যের নাগাল পাওয়ার সুযোগ।
নব্বইয়ের দশকে টেলিভিশন বিনোদনের কেন্দ্রে ছিল রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি। নির্দিষ্ট সময়ে প্রচারিত খবর, সাপ্তাহিক ও ধারাবাহিক নাটক, সিনেমা এবং খেলা ঘিরে বসতেন দর্শক। পাশাপাশি ছিল রেডিও, সিনেমা হল, ভিডিও ক্যাসেট ও ভিসিআর। বিদেশি অনুষ্ঠানের মধ্যেও ‘ম্যাকগাইভার’, ‘সিন্দাবাদ’ ও ‘আলিফ লায়লা’র মতো প্রযোজনা পরিচিতি পেয়েছিল।
দেশীয় নাটক ও সিনেমার প্রভাবও ছিল প্রবল। সালমান শাহর মতো তারকাদের পোশাক ও সাজসজ্জা অনুকরণ করতেন তরুণেরা। ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রটির পরিণতি বদলানোর দাবিতে ১৯৯৩ সালে দর্শকের মিছিল দেখিয়েছিল, পর্দার গল্প মানুষের আবেগকে কতটা নাড়া দিতে পারে।
পরে ক্যাবল টেলিভিশনের বিস্তারে বদলে যায় সেই দৃশ্যপট। দেশীয় বেসরকারি চ্যানেলের পাশাপাশি ঘরে ঘরে পৌঁছাতে থাকে ভারতীয় ও আন্তর্জাতিক চ্যানেল। স্টার, জি ও সনি নেটওয়ার্কের বিভিন্ন অনুষ্ঠান দর্শকের দৈনন্দিন বিনোদনের অংশ হয়ে ওঠে।
ভারতীয় বাংলা ও হিন্দি ধারাবাহিকের দীর্ঘ পর্ব, পরিচিত পারিবারিক আবহ এবং নিয়মিত সম্প্রচার দর্শকের সঙ্গে অভ্যাসের সম্পর্ক তৈরি করে। ‘বোঝে না সে বোঝে না’, ‘কিরণমালা’, ‘বধূবরণ’, ‘কে আপন কে পর’ ও ‘মিঠাই’-এর মতো ধারাবাহিক বিভিন্ন সময়ে আলোচনায় আসে।
এই প্রভাব শুধু অনুষ্ঠান দেখার মধ্যে সীমিত থাকেনি। ২০১৪ সালে ‘পাখি’ নামে পরিচিত পোশাকের চাহিদা তার একটি উদাহরণ। ধারাবাহিক দেখা ও পোশাক কেনা নিয়ে পারিবারিক বিরোধের খবরও সে সময় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
তবে এখন ক্যাবল টেলিভিশনের সেই অবস্থানে পরিবর্তন আসছে।
ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেল দ্য ডিসেন্টকে বলেন, দেশে ক্যাবল সংযোগ এখন এক কোটির কিছু বেশি। সংযোগ কমার প্রধান কারণ হিসেবে তিনি ইন্টারনেট ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারকে চিহ্নিত করেন।
তার ভাষ্য অনুযায়ী, মানুষ কনটেন্ট দেখা বন্ধ করেননি; দেখার মাধ্যম বদলেছেন। ক্যাবল সংযোগের বদলে তারা ইউটিউব, ওটিটি, আইপিটিভি ও ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবা ব্যবহার করছেন।
দর্শকের পছন্দেও পরিবর্তন দেখছেন তিনি। একসময় স্টার জলসা, জি বাংলা ও জি সিনেমার মতো চ্যানেলের চাহিদা বেশি থাকলেও এখন একেক সময়ে একেক দেশের কনটেন্ট জনপ্রিয় হচ্ছে। তবে ভারতীয় চ্যানেলের দর্শক এখনো রয়েছে। বিশেষ করে রিয়েলিটি শো, সংগীত, প্রতিভা অন্বেষণ ও কমেডি অনুষ্ঠানের জনপ্রিয়তা উল্লেখযোগ্য বলে জানান তিনি।
বহুজাতিক প্রতিষ্ঠান নিলসনের এক জরিপ অনুযায়ী, ১৯৯৮ সালে দেশে টেলিভিশন দর্শকের হার ছিল ৪২ শতাংশ, যা ২০১৬ সালে বেড়ে দাঁড়ায় ৮২ শতাংশে। তবে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে টেলিভিশন দর্শকের হার নিম্নমুখী হতে শুরু করে। এবং এর কারণ হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে মানুষের আগ্রহ বৃদ্ধিকে চিহ্নিত করা হয়।
২০১৯ সালে জাতীয় রাজস্ব বোর্ডের এক জরিপে দেখা যায়,৩.৮ কোটির বেশি ক্যাবল টিভির সংযোগ ছিল। ক্যাবল অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেল দ্য ডিসেন্টকে জানিয়েছেন, বর্তমানে এটি ১ কোটির কিছুটা বেশি।
ওটিটির বাজার ২০২৪ সালে ছিল ৩০০ কোটি টাকারও বেশি। যা ২০২৭ সালে ১০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রাক্কলন করেছে স্ট্যাটিসটিয়া।
বাংলাদেশের স্থানীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে চরকি’র ৩ কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে। প্ল্যাটফর্মটি চালুর পর থেকে দর্শক এ পর্যন্ত ১০০ কোটি ঘণ্টারও বেশি কনটেন্ট দেখেছেন। অন্যদিকে বঙ্গ’র ব্যবহারকারীর সংখ্যা ৪৩ লাখের বেশি।
এছাড়া টফি, বিন্জ, বায়েস্কোপ, দিপ্ত প্লে, আই স্ক্রিন দেশিয় মালিকানায় চলছে। আর বিদেশি মালিকানার ভারতের হইচই, জি ৫, হটস্টার, যুক্তরাষ্ট্রের নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও বাংলাদেশে জনপ্রিয়।
নিজের সময়ে, নিজের পছন্দে
ক্যাবল টেলিভিশনে দর্শককে অপেক্ষা করতে হতো সম্প্রচারের সময় পর্যন্ত। ডিজিটাল প্ল্যাটফর্ম সেই নির্ভরতা কমিয়েছে। এখন মোবাইল কিংবা ল্যাপটপে সুবিধামতো সময়ে পছন্দের অনুষ্ঠান দেখা যায়।
দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমানের মতে, তরুণদের কাছে ওটিটির আকর্ষণের বড় কারণ এই স্বাধীনতা। বিজ্ঞাপন ছাড়া দেখার সুযোগ এবং কিছু সেবায় ডাউনলোড করে পরে দেখার সুবিধাও দর্শক টানে।
চরকি, বঙ্গ, টফি, বিন্জ, বায়োস্কোপ, দীপ্ত প্লে ও আইস্ক্রিনের মতো দেশীয় সেবার পাশাপাশি বিদেশি প্ল্যাটফর্মও দর্শকের সামনে বিভিন্ন দেশের প্রযোজনা তুলে ধরছে। আবার ইউটিউবের মতো উন্মুক্ত মাধ্যমেও পাওয়া যাচ্ছে বিপুল পরিমাণ নাটক, গান ও ধারাবাহিক।
এই সহজলভ্যতার সঙ্গে গল্প বলার ধরনের পরিবর্তনকেও গুরুত্বপূর্ণ মনে করেন মুশফিকুর রহমান। তার মতে, তরুণ দর্শকের একটি অংশ অনুমানযোগ্য ও অতিনাটকীয় গল্পের বাইরে চরিত্রের আবেগ, সীমাবদ্ধতা এবং পরিবর্তন দেখতে চান।
পাকিস্তানি ‘জিন্দেগি গুলজার হ্যায়’-এর উদাহরণ দিয়ে তিনি বলেন, সীমিত পর্বে সংহত ও আবেগঘন গল্প দর্শককে আকৃষ্ট করে। কোরীয় নাটকে সম্পর্কের গভীরতা, চীনা ঐতিহাসিক প্রযোজনায় দৃশ্যের ব্যাপ্তি এবং তুর্কি ধারাবাহিকে আবেগের তীব্রতাও দর্শক টানে।
ফলে একই দর্শকের পছন্দের তালিকায় এখন একাধিক দেশের প্রযোজনা থাকতে পারে। ভাষা বা দেশের পরিচয়ের পাশাপাশি গল্প, চরিত্র ও নির্মাণমানও হয়ে উঠছে বেছে নেওয়ার মানদণ্ড।
ভারতীয় কন্টেন্টের আধিপত্য কমেছে?
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক সুমন রহমান মনে করেন, বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক আধিপত্য ছিল। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের অবস্থান এবং তাদের শক্তিশালী সাংস্কৃতিক শিল্পের কারণে এমন প্রভাব তৈরি হওয়া অস্বাভাবিক নয়।
তিনি বলেন, “গত কয়েক বছরে তুর্কি, চীনা ও কোরীয় ধারাবাহিকের জনপ্রিয়তা বেড়েছে। কোরীয় কনটেন্ট শহুরে উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্ত দর্শকের মধ্যে প্রভাব ফেলেছে; তুর্কি ধারাবাহিকের দর্শক তৈরি হয়েছে গ্রামাঞ্চলেও।”
নর্থ সাউথ ইউনিভার্সিটির মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক হারিছুর রহমানও দর্শকের পছন্দে বৈচিত্র্য দেখছেন। তবে তার মতে, ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের অবসান হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।
তিনি বলেন, “সাংস্কৃতিক আধিপত্য এক দিনে তৈরি হয় না, আবার এক দিনে শেষও হয় না। ভারতীয় কনটেন্টের প্রভাব এখনো রয়েছে। ইন্টারনেট ও ওটিটি আসার পর দর্শকের সামনে বিকল্প বেড়েছে, ফলে আগের নির্ভরতায় পরিবর্তন এসেছে।”
এই প্রভাব বোঝাতে সাংস্কৃতিক ‘হেজিমনি’ বা আধিপত্যের ধারণাটি প্রাসঙ্গিক। ইতালীয় চিন্তাবিদ আন্তোনিও গ্রামসির আলোচনায় সম্মতি তৈরি এবং কোনো প্রভাবশালী গোষ্ঠীর মূল্যবোধকে স্বাভাবিক ও গ্রহণযোগ্য করে তোলা এই ধারণার গুরুত্বপূর্ণ দিক। বিনোদন, গণমাধ্যম ও জীবনযাপনের আকাঙ্ক্ষার মধ্য দিয়েও এমন প্রভাব বিস্তার করতে পারে।
হারিছুর রহমানের মতে, বড় বাজেটের হিন্দি সিনেমায় মোগল ও সুলতানি আমলের দরবারি সংস্কৃতি, পোশাক এবং খাবারের আকর্ষণীয় উপস্থাপনা দর্শকের রুচিতে প্রভাব ফেলে। খাবার বা আয়োজনের নামে ‘নবাবী ভোজ’-এর মতো শব্দের ব্যবহারেও সেই আকর্ষণের ছাপ দেখা যায়।
অন্যদিকে সুমন রহমান ২০২৪ সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহকেও গুরুত্বপূর্ণ মনে করেন। তার মূল্যায়ন, ওই সময়ের ঘটনাগুলো বাংলাদেশের একটি বড় অংশের মানুষের মধ্যে ভারত সম্পর্কে মোহভঙ্গ তৈরি করেছে। তবে এই মনোভাব সাংস্কৃতিক পণ্যের পছন্দে কতটা স্থায়ী প্রভাব ফেলবে, তা দেশের নিজস্ব কনটেন্ট তৈরির সক্ষমতার ওপরও নির্ভর করবে।
পর্দার প্রভাব খাবার, পোশাক ও রূপচর্চায়
বিদেশি গল্পের সঙ্গে পরিচয় অনেক সময় সেই দেশের খাবার, পোশাক, ভাষা ও জীবনযাপন সম্পর্কেও কৌতূহল তৈরি করে। বাংলাদেশে কোরীয়, পাকিস্তানি ও তুর্কি সংস্কৃতির প্রতি আগ্রহেও তার ছাপ দেখা যাচ্ছে।
কোরীয় গান ও নাটক ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন অনলাইন কমিউনিটি। ‘বিডি কে-ফ্যামিলি’র মতো সংগঠনের কার্যক্রমে রয়েছে দর্শক-অনুরাগীদের আড্ডা, কে-পপ আয়োজন, নাচ ও ফ্যান আর্ট প্রদর্শনী। এসব কমিউনিটির কোনো কোনোটি সামাজিক ও দাতব্য কাজেও যুক্ত।
এই আগ্রহের প্রকাশ দেখা যায় রূপচর্চায়। কোরীয় সৌন্দর্যচর্চার সঙ্গে পরিচিত ‘গ্লাস স্কিন’, শামুকের নির্যাস, রাইস ওয়াটার ও সেন্টেলাসমৃদ্ধ প্রসাধনী নিয়ে আলোচনা হচ্ছে। পোশাকে ঢিলেঢালা টি-শার্ট, হুডি, কার্ডিগান ও হালকা রঙের ব্যবহারেও কোরীয় ফ্যাশনের প্রভাবের কথা উঠে আসে।
সাম্প্রতিক সময়ে ঈদের বাজারে পাকিস্তানি ড্রেসের চাহিদা অনেক বেড়েছে বলেছে, বিভিন্ন পত্রিকার সংবাদে দেখা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যও সেটি সমর্থন করে। জুলাই ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ সময়ে মোট নারীদের পোশাক আমদানি হয় প্রায় ১৭ লাখ পিস। এরমধ্যে কেবল পাকিস্তান থেকে আসে প্রায় ৬৭%। আর ভারত থেকে প্রায় ২৮%। তবে, এর বাইরেও পোশাক আসে।
খাবারের তালিকায় যুক্ত হয়েছে কোরীয় রামিয়ন, ত্তকবোক্কি ও কিমবাপ। একইভাবে পাকিস্তানি খাবারের প্রতি আগ্রহের উদাহরণ দেখা যাচ্ছে ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয়। পেশোয়ারি খাবার ও কাবলি পোলাওয়ের পাশাপাশি পোশাকের বাজারে পাকিস্তানি লন থ্রিপিসও পরিচিত।
সংগীতের ক্ষেত্রেও রয়েছে এই যোগাযোগ। কোক স্টুডিও পাকিস্তানসহ ডিজিটাল মাধ্যমে পাকিস্তানি গান বাংলাদেশের তরুণদের কাছে পৌঁছাচ্ছে। নুসরাত ফতেহ আলী খান, রাহাত ফতেহ আলী খান ও আতিফ আসলামের গানের শ্রোতাদের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন প্রজন্ম।
তুর্কি ধারাবাহিকের পাশাপাশি দেশটির খাবার নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। ঢাকার বিভিন্ন রেস্তোরাঁর মেনুতে আদানা কাবাব, ডোনার কাবাব ও বাকলাভার মতো খাবার পাওয়া যাচ্ছে।
চীনা খাবারের সঙ্গে বাংলাদেশের পরিচয় অবশ্য অনেক পুরোনো। ফ্রাইড রাইস, চাওমিন ও স্যুপ স্থানীয় স্বাদের সঙ্গে মিশে তৈরি করেছে পরিচিত ‘বাংলা-চাইনিজ’ খাবারের ধারা। এর পাশাপাশি হটপটসহ চীনা খাবারের আরও ধরন নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।
তবে এসব আগ্রহের সবটুকু কেবল ধারাবাহিক বা সিনেমার প্রভাব দিয়ে ব্যাখ্যা করা যায় না। প্রতিবেদনে উঠে আসা উদাহরণগুলো দেখায়, বিনোদনের পাশাপাশি ভাষা শিক্ষা, পণ্যের সহজলভ্যতা ও সামাজিক যোগাযোগমাধ্যমও সাংস্কৃতিক পরিচয়ের এই পরিসর বাড়াচ্ছে।
সবাই একইভাবে বেছে নেন না
পর্দায় বিকল্প বাড়লেও সব দর্শকের পছন্দ এক নয়। বয়সের পাশাপাশি সামাজিক অবস্থান, শিক্ষাগত অভিজ্ঞতা ও পারিবারিক পরিবেশও রুচি গঠনে ভূমিকা রাখে।
ফরাসি সমাজবিজ্ঞানী পিয়েরে বুর্দোর তত্ত্বের প্রসঙ্গ টেনে হারিছুর রহমান বলেন, মানুষের সাংস্কৃতিক রুচির সঙ্গে তার সামাজিক অবস্থান ও বেড়ে ওঠার সম্পর্ক রয়েছে। একই ধরনের কনটেন্ট দেখার সুযোগ পেলেও সবাই একই প্রযোজনাকে পছন্দ করেন না, কিংবা সমানভাবে পরিশীলিত মনে করেন না।
তার মতে, বিদেশি সিনেমা, গান বা ধারাবাহিককে উন্নত মনে করার পেছনে নির্মাণমানের ভূমিকা যেমন থাকে, তেমনি সামাজিক মর্যাদা ও নিজেকে অন্যের থেকে আলাদা করে দেখানোর আকাঙ্ক্ষাও কাজ করতে পারে।
বিভিন্ন দেশের সংস্কৃতি গ্রহণকে অবশ্য নেতিবাচকভাবে দেখছেন না সুমন রহমান। তার মতে, সাংস্কৃতিক আদান-প্রদানের মধ্য দিয়ে নতুন স্বাদ তৈরি হয়। বর্তমান বিশ্বে শুধু নিজের সংস্কৃতি নিয়ে বিচ্ছিন্ন হয়ে থাকার সুযোগ নেই।
তবে এই আদান-প্রদানে ভারসাম্যের প্রশ্ন রয়েছে। বাংলাদেশ যেভাবে দীর্ঘদিন ভারতীয় সাংস্কৃতিক পণ্য গ্রহণ করেছে, সেই তুলনায় বাংলাদেশের নাটক ও সিনেমা ভারতীয় দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ পায়নি বলে মনে করেন তিনি। যদিও এখন বাংলাদেশের গানসহ বিভিন্ন প্রযোজনা সেখানে দর্শক-শ্রোতা পাচ্ছে।
দেশীয় গল্পের জন্যও দর্শক আছে
বিদেশি কনটেন্টের বিকল্প বাড়ার পাশাপাশি দেশীয় গল্পের প্রতিও আগ্রহ তৈরি হচ্ছে বলে জানিয়েছে ওটিটি প্রতিষ্ঠান হইচই বাংলাদেশ।
দ্য ডিসেন্টকে দেওয়া লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটি জানায়, ভারতীয় বাংলা কনটেন্ট প্রতিষ্ঠিত গল্প, নির্মাণশৈলী ও বৈচিত্র্যের কারণে দর্শক ধরে রেখেছে। একই সঙ্গে গত কয়েক বছরে বাংলাদেশি মৌলিক প্রযোজনার জনপ্রিয়তায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণ, দর্শক এমন গল্পের সঙ্গে বেশি সংযোগ অনুভব করছেন, যেখানে নিজেদের ভাষা, সংস্কৃতি, সামাজিক বাস্তবতা ও দৈনন্দিন জীবনের প্রতিফলন রয়েছে। নতুন ধরনের গল্প, স্বতন্ত্র চরিত্র এবং উন্নত নির্মাণমানও স্থানীয় প্রযোজনার প্রতি আগ্রহ বাড়াচ্ছে।
দেশের বাইরেও এই গল্পের দর্শক রয়েছে বলে জানান বঙ্গর মুশফিকুর রহমান। তার ভাষ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের বাংলাভাষী দর্শক ইউটিউবে বাংলাদেশি নাটক দেখেন। ভারতীয় টেলিভিশনে বাংলাদেশের চ্যানেল সহজলভ্য না হলেও ডিজিটাল মাধ্যম সেই দূরত্ব কমিয়েছে।
ওটিটি ও ইউটিউবের কারণে লন্ডন বা প্যারিসে বসেও বাংলাদেশের প্রযোজনা দেখা সম্ভব হচ্ছে। আগে আগ্রহ থাকলেও পৌঁছানোর যে বাধা ছিল, ডিজিটাল বিতরণ তার অনেকটাই কমিয়েছে।
তবে কোনো প্রযোজনা অনলাইনে পাওয়া যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে পরিকল্পিতভাবে বিক্রি হওয়া এক বিষয় নয়। মুশফিকুর রহমানের মতে, বাংলাদেশে নিয়মিত প্রযোজনা, অর্থায়ন, আন্তর্জাতিক বিক্রয় ও বিপণনের সংগঠিত ব্যবস্থায় ঘাটতি রয়েছে। ফলে নির্মাতাকে অনেক ক্ষেত্রেই একা কাজ করতে হয়। সিনেমা বা সিরিজ তৈরির পর সেটি বিদেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার পদ্ধতিগত সহায়তাও পর্যাপ্ত নয়।
প্রতিযোগিতার কেন্দ্রে গল্প ও নির্মাণমান
বিশ্বের বিভিন্ন দেশের প্রযোজনা যখন একই দর্শকের নাগালে, তখন দেশীয় কনটেন্টকেও সেই তুলনার মুখে পড়তে হচ্ছে।
মুশফিকুর রহমানের মতে, বিদেশি প্রযোজনার চিত্রনাট্যের সূক্ষ্মতা, নির্মাণমান এবং ধারাবাহিক মান বজায় রাখার সক্ষমতার সঙ্গে দেশীয় অনেক প্রযোজনা এখনো তাল মেলাতে পারছে না। স্থানীয় গল্পের প্রতি দর্শকের আগ্রহ বাড়াতে চরিত্রের বিকাশ, বাস্তব জীবনের জটিলতা ও আবেগকে গুরুত্ব দিতে হবে।
তার পরামর্শ, গল্পে ঢাকার বাস্তবতা কিংবা বাংলাদেশের সংস্কৃতি থাকবে, কিন্তু উপস্থাপন এমন হতে হবে, যাতে বিদেশি দর্শকও তার আবেগ বুঝতে পারেন। চিত্রগ্রহণ, শব্দ, সম্পাদনাসহ নির্মাণের প্রতিটি ধাপে মান বজায় রাখার পাশাপাশি অর্থায়ন ও বিতরণের সংগঠিত ব্যবস্থা গড়ে তোলাও জরুরি।
সুমন রহমান এ ক্ষেত্রে এফডিসি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও শিল্পকলা একাডেমির মতো প্রতিষ্ঠানকে কার্যকর করার কথা বলেন। তার মতে, দেশীয় সাংস্কৃতিক পণ্য তৈরির সক্ষমতা বাড়ানোর বিষয়টি রাষ্ট্রের সাংস্কৃতিক নীতিতে জায়গা পাওয়া দরকার।
তিনি টেলিভিশনের দিকেও নজর দেওয়ার পরামর্শ দেন। তার পর্যবেক্ষণ, সংবাদ ও টক শোর ভিড়ে বিনোদনমূলক প্রযোজনার জায়গা সংকুচিত হয়েছে। অন্যদিকে ওটিটির দর্শক এখনো প্রধানত শহরকেন্দ্রিক। ফলে দেশের সব দর্শকের কাছে পৌঁছাতে শুধু একটি মাধ্যমের ওপর নির্ভর করলে চলবে না।
পাখি, হুররাম কিংবা আবু বকরকে ঘিরে দর্শকের আগ্রহ তাই শুধু জনপ্রিয় চরিত্র বদলের গল্প নয়। এর মধ্যে রয়েছে বিনোদনের মাধ্যম, রুচি ও বাজার বদলের চিহ্ন। সেই পরিবর্তিত পরিসরে বাংলাদেশের নিজস্ব গল্প কতটা জায়গা পাবে, তা নির্ভর করবে দর্শকের কাছে নিয়মিত কতটা ভালো গল্প পৌঁছে দেওয়া যায়, তার ওপর।