বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের মানুষ এখন যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দেশের মধ্যে পায়, তাহলে তাদের রক্ষা করা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও কঠিন হবে। দেশের জনগণের হাতে যদি তারা ধরা পড়ে তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, সেটি বলা খুব কঠিন।
আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক দেশব্যাপী আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাংচুর, লুটপাট ও হত্যার প্রতিবাদে আয়োজন করা হয় এ সমাবেশ।
বিএনপির সাবেক এ এমপি বললেন, ‘রাজপথে বিএনপি সরকারের প্রশংসা করার লোকের সংখ্যাই বেশি। আর যারা প্রশংসা করতে ব্যর্থ হয় তারা সবাই বর্ডারের ওই পারে আছে। তারা এই সরকারের ভালো কিছু চোখে দেখতে পারে না।’
আওয়ামী লীগ দেশের অর্থনীতি ভঙ্গুর করে ফেলেছে উল্লেখ করে বিএনপির এ নেতা বললেন, হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, সেই দেশটি আমাদের একেবারে ফোকলা বানিয়ে ফেলেছে। আওয়ামী শাসকগোষ্ঠী আমাদের অর্থনীতি একদম ভঙ্গুর অবস্থায় ফেলে গেছে। সেই ভঙ্গুর অর্থনীতিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের সম্মিলিত ঐক্যকে তারেক রহমান এবং সরকারের পাশে এসে দাঁড়াতে হবে। এই সরকারকে যারা বিশৃঙ্খলার মধ্য দিয়ে বিপদে ফেলার চেষ্টা করবে, তারা গণশত্রু হিসেবে আগামী দিনে চিহ্নিত হবে।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খাঁন। তিনি বলেছেন, শেখ হাসিনা এই মুহূর্তে ক্যানসারে আক্রান্ত। দিল্লিতে মুমূর্ষু অবস্থায় রয়েছে। সে কিন্তু মিডিয়ার সামনে আসছে না। যারা বিশ্বাস করে শেখ হাসিনা এই দেশে ফিরে আসবে এরা পাগল। একমাত্র পাগল ছাড়া কেউ বিশ্বাস করে না আওয়ামী লীগ আবারও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে।
‘জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। সেই জয় বাংলা স্লোগানকে ব্যবহার করে আওয়ামী লীগ অগ্নি-সন্ত্রাস চালাচ্ছে। এই স্লোগান আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাসের স্লোগান হয়ে গেছে। আওয়ামী লীগ দ্বিতীয় মৃত্যুর জন্য ছটফটানি করছে।’
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জিসপ-এর সভাপতি এম গিয়াসউদ্দীন খোকন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, ন্যাশনাল লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, আমজনতা দলের সভাপতি তারেক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।