Image description

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ নিয়ে ইরানের হামলায় গত ৯ মাসে ভূপাতিত মার্কিন এমকিউ-৯ ড্রোনের সংখ্যা ৫৮-তে পৌঁছেছে বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (২১ নভেম্বর) ভোরে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স নতুন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত, অনুসরণ ও লক্ষ্যবস্তুতে পরিণত করে।

বিবৃতিতে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আকাশপথে বিভিন্ন উড়োজাহাজের চলাচল পর্যবেক্ষণের সময় ড্রোনটির উপস্থিতি শনাক্ত করেন ইরানি সেনারা। পরে সেটিকে লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে হামলা চালানো হয়।

 
 
 

আইআরজিসির দাবি, সর্বশেষ ড্রোনটি ভূপাতিত করার মধ্য দিয়ে ইরানের হামলায় ধ্বংস হওয়া মার্কিন এমকিউ-৯ ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮টিতে। অনুপ্রবেশকারী চালকবিহীন আকাশযানের বিরুদ্ধে চলমান আকাশ প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে বাহিনীটি।

 
 

হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব তুলে ধরে বিবৃতিতে আইআরজিসি আরও জানায়, এ অঞ্চলের আকাশপথে চলাচল পর্যবেক্ষণ ইরানের সশস্ত্র বাহিনীর নিয়মিত দায়িত্বের অংশ। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এ নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

সূত্র : তাসনিম নিউজ