Image description

গোপালগঞ্জে বাস আটকে দেশীয় অস্ত্র প্রদর্শন, যাত্রীদের জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার ঘটনা ঘটেছে। এতে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের এক কর্মী নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত ছাত্রদল কর্মীর নাম সাবিদ হাসান। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। তার সঙ্গে কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন সময়ের ছবি রয়েছে। একটি ছবিতে তাকে কেক খাওয়াতে দেখা যায় শাখা ছাত্রদলের সদস্য সচিবের।

গত বুধবার (১৯ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ‘গোপালগঞ্জ আওয়ামী’ নামের ফেসবুক পেজে ‘গোপালগঞ্জ চন্দ্রদিঘলীয় বাস চেক’ শিরোনামের ভিডিওতে তাকে সাধারণ যাত্রীদের ওপর আক্রমণাত্মক অবস্থায় দেখা যায়।

ভাইরাল ভিডিওটি আজ রবিবার (২২ নভেম্বর) পর্যন্ত ৭ লাখ মানুষ দেখেছেন। ওই ভিডিওতে দেখা যায়, সাবিদ হাসানের নেতৃত্বে গোপালগঞ্জের চন্দ্রদিঘলীতে একদল যুবক খুলনাগামী একটি বাস আটকে যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় বাসের যাত্রীদের জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয়। একপর্যায়ে এক যাত্রীর কাছে ছুরি প্রদর্শন করে তার মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং সেটি তল্লাশি করা হয়। এসময় যাত্রীরা নিরাপত্তা শঙ্কায় চরম আতঙ্কিত হয়ে পড়েন।

ঢাকা কলেজের কয়েকজন ছাত্রদল নেতার দেওয়া তথ্যে ও খোঁজ নিয়ে জানা গেছে, সাবিদ হাসানের বাড়ি গোপালগঞ্জে। ঢাকা কলেজে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনের একনিষ্ঠ কর্মী হিসেবে ক্যাম্পাসে পরিচিতি লাভ করেন। তবে পরবর্তী সময়ে ছাত্রদল নেতা মিল্লাদ হোসেন তাকে নিজের অনুসারীদের বলয় থেকে সরিয়ে দেন বলে জানা গেছে।

এরপরও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন সাবিদ—এমন অভিযোগ রয়েছে। তার সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদলের দক্ষিন ছাত্রাবাসে থাকেন এমন একজন আহ্বায়ক সদস্যের নিউমার্কেট এলাকায় ফুটপাতে ব্যবসায়িক সম্পর্কও রয়েছে বলে জানা গেছে।

এদিকে সাবিদের পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা রয়েছে। তার আপন বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। খোঁজ নিয়ে আরও জানা গেছে, তাঁর পরিবারের সদস্যদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়ভাবে পরিচিতি রয়েছে।

এ ছাড়া সাংবাদিক পরিচয় ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে সাবিদের বিরুদ্ধে। ‘ক্রাইম নিউজ’ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে নিজের নামের পাশে মাল্টিমিডিয়া প্রতিবেদক পরিচয় ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছেন তিনি। 

ভিডিও ভাইরাল হওয়ার পর ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন ফেসবুক পোস্টে বলেন, ‘এক দিকে ছাত্রলীগ নেতাকে কেক খাওয়াচ্ছে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব, অন্য দিকে ওই ছেলেই আবার গোপালগঞ্জে বাস থামিয়ে সাধারণ জনগণকে দিয়ে জোর করে জয় বাংলা স্লোগান দেওয়াচ্ছে। আমাদের আরো সচেতন হওয়া উচিত। বিশেষ করে যারা দায়িত্বশীল অবস্থানে আছেন।’

কলেজটির ছাত্রদলের মাসুদ রানা নামের কর্মী ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে বলেন, সুপার কোরামের লোক হলে ছাত্রলীগ করে ছাত্রদলে পদ পাওয়াও সম্ভব। অথচ ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিনের শ্রম, ত্যাগ, আন্দোলন-সংগ্রাম এসবের চেয়ে কোরাম রাজনীতিই যেন বেশি গুরুত্ব পাচ্ছে।

তিনি আরও বলেন, ছাত্ররাজনীতিতে অনেক ত্যাগী কর্মী দিনের পর দিন দলের জন্য কাজ করে, প্রতিকূলতা মোকাবিলা করে, রাজপথে থাকে। অথচ শুধু কোরাম রাজনীতির কারণে তারা পদ, স্বীকৃতি ও সম্মান থেকে বঞ্চিত হয়। রাজনীতি যদি ত্যাগীদের মূল্যায়নের জায়গা না হয়ে কোরাম আর বলয়ের লোকদের পদ বণ্টনের জায়গা হয়ে ওঠে, তাহলে সাধারণ কর্মীদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। কর্মীর ত্যাগের মূল্যায়ন হোক, কোরাম নয়; রাজনীতিতে যোগ্যতা ও নিষ্ঠাই হোক পদ পাওয়ার মাপকাঠি।

এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, সাবিদ হাসান প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। তাকে ক্যাম্পাসের ছোট ভাই হিসেবে বিবেচনা করা। যেহেতু সে প্রথম বর্ষের শিক্ষার্থী। তবে ছাত্রদলের কোনো কমিটিতে তাঁর পদ ছিল না এবং সাংগঠনিক কার্যক্রম বা কর্মসূচিতে তাঁর সক্রিয় অংশগ্রহণও ছিল না।

তিনি বলেন, ‘সাবিদের বাড়ি গোপালগঞ্জ এবং তার পরিবারের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়টি আমরা জানতাম না। জানতে আমাদের কিছুটা সময় লেগেছে। তবে গত ছয়-সাত মাস ধরে তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তাকে কোথাও পাওয়া গেলে আমরা তাকে অবশ্যই পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এ ধরনের কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই।’

ভবিষ্যতে কর্মী বাছাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক থাকার কথা জানিয়ে তিনি বলেন, নতুন শিক্ষার্থীদের সঙ্গে মেলামেশা ও সংগঠনে সম্পৃক্ত করার আগে তাদের পরিচয় ও পারিবারিক রাজনৈতিক সম্পৃক্ততা যাচাইয়ে আরও সতর্ক হবে ছাত্রদল। কেউ গুপ্তভাবে সংগঠনে প্রবেশের চেষ্টা করছে কি না, সে বিষয়েও সচেতন থাকব। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত কারও বিষয়ে তথ্য পাওয়া গেলে তাঁকে সংগঠন থেকে বয়কট ও আইনের হাতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাবিদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।