পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের টানা তিন দিনের সংঘর্ষ ও তাণ্ডবের ঘটনায় থানা পুলিশের গাফলতি দেখছে স্থানীয় ও জেলা বিএনপির নেতাকর্মীরা। পুলিশের রহস্যজনক ভূমিকা খতিয়ে দেখার আহ্বানও জানিয়েছেন তারা। থানার ওসি নয়ন কুমার সরকারকে ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে।
এদিকে এখনও নিয়ন্ত্রণের বাইরে সংঘর্ষের এলাকা বেড়া পৌর এলাকার বৃশালিখা। এলাকাটি সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর নিজ এলাকা। তার অত্যন্ত প্রভাব ও গণবসতি এলাকা হওয়ায় এখনও বড় ধরনের অভিযানে যেতে পারেনি পুলিশ। ফলে কাউকে গ্রেপ্তার করা যায়নি। শামসুল হক টুকু কারাগারে থাকলেও তার ছেলে বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন এলাকাটি নিয়ন্ত্রণ করছেন। বিদেশে পালিয়ে থেকে মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন।
স্থানীয় ও জেলা বিএনপির একাধিক নেতাদের সঙ্গে কথা বলে জানান গেছে, গত বৃহস্পতিবার থানা ঘেরাও করে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় দেখা যায়। তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিলে বের করে তাদের ধাওয়া দিলেও পুলিশ পদক্ষেপ নেয়নি। পরে শনিবার আবারও বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালেও পুলিশ কোনো ধরনের অভিযানে চালায়নি। পুলিশ মাঝেমধ্যে গাড়িবহর নিয়ে সংঘর্ষের এলাকায় ঘুরে আসলেও তেমন অ্যাকশন নেয়নি।
তারা বলছেন, সংঘর্ষের এলাকাটি বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকা, গ্রামটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যেই অবস্থান করছেন। পৌর এলাকা এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার পরও পুলিশ শুধু গাড়ি নিয়ে টহল দেয়। অথচ বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিহত করে রাখছে। পুলিশ কার্যকরিভাবে বড় ধরনের অভিযান চালালে দফায় দফায় সংঘর্ষ হতো না। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধ করলেও তারা পুলিশের কোনো সহযোগিতা পাননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লকডাউন কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার জানান, আওয়ামী লীগ পূর্বপরিকল্পিতভাবে বেড়াকে অশান্ত করে রেখেছে। কিন্তু আমরা বিএনপিসহ সাধারণ মানুষ শান্ত অবস্থায় আছি। আওয়ামী লীগ লাশের রাজনীতি চাচ্ছে, যাতে তারা আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করতে পারে। কিন্তু আমরা সেই সুযোগ দেব না। কিন্তু বেড়ার ওসির বিরুদ্ধে প্রশ্ন উঠেছে- এই সংঘর্ষের বিরুদ্ধে তার যতটুকু পদক্ষেপ নেয়া উচিত ছিল, তিনি সেই পদক্ষেপ নেননি।
ইতোমধ্যেই বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ। তিনি জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। আর পাবনা সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে রাতেই দায়িত্ব দেয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।