গোপালগঞ্জে খুলনাগামী বাস আটকে দেশীয় অস্ত্র প্রদর্শন, যাত্রীদের জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা এবং ছুরি দেখিয়ে মুঠোফোন কেড়ে নিয়ে তল্লাশি করার অভিযোগ উঠেছে ঢাকা কলেজের শিক্ষার্থী সাবিদ হাসানের বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে দেখা গেছে। তার বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং ঢাকা কলেজে ছাত্রদলের পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগও রয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাবিদ হাসানের নেতৃত্বে একদল যুবক খুলনাগামী একটি বাস আটকে যাত্রীদের ভয়ভীতি দেখাচ্ছেন। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। বাসের যাত্রীদের জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয়। একপর্যায়ে এক যাত্রীর কাছে ছুরি প্রদর্শন করে তার মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং ফোনটি তল্লাশি করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সাবিদ হাসানের বাড়ি গোপালগঞ্জে। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা কলেজে ভর্তি হন। কলেজে ভর্তির পর ছাত্রদলের রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা তৈরি হয়। ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনের অনুসারী হিসেবেও ক্যাম্পাসে পরিচিত ছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে মিল্লাদ হোসেনের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এরপরও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন সাবিদ, এমন অভিযোগ রয়েছে। ঢাকা কলেজ ছাত্রদলের এক আহ্বায়ক সদস্যের সঙ্গে নিউমার্কেট এলাকায় ফুটপাতে ব্যবসায়িক সম্পর্ক থাকার কথাও জানা গেছে।
সাবিদের পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা রয়েছে। তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
এ ছাড়া সাংবাদিক পরিচয় ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে সাবিদের বিরুদ্ধে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ‘ক্রাইম নিউজ’ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে নিজের নামের পাশে মাল্টিমিডিয়া প্রতিবেদক পরিচয় ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, সাবিদ হাসান কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনের সক্রিয় কর্মী ছিলেন। ছাত্রদলের পরিচয় ও মিল্লাদের নাম ব্যবহার করে তিনি ক্যাম্পাসে চলাফেরা করতেন। বিভিন্ন কর্মসূচিতেও তাকে মিল্লাদ হোসেনের সঙ্গে দেখা গেছে। মিল্লাদ তাকে উৎসাহ দিতেন এবং তার জন্মদিনে কেক কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দিয়েছিলেন। নিয়মিত নিউমার্কেটের বিশ্বাস বিল্ডিংয়ের সামনেও তাদের একসঙ্গে আড্ডা দিতে দেখা যেত।
এদিকে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে মিল্লাদ হোসেনের সঙ্গে সাবিদের জন্মদিন উদ্যাপনের একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, একদিকে ছাত্রলীগের এক নেতাকে কেক খাওয়াচ্ছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব, অন্যদিকে সেই ব্যক্তিই গোপালগঞ্জে বাস আটকে সাধারণ মানুষকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াচ্ছেন। এ ঘটনায় সংগঠনের দায়িত্বশীল নেতাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
রাশেদুল আমিন যুগান্তরকে বলেন, সাবিদ ছাত্রদলের পরিচয়ে ক্যাম্পাসে চলাফেরা করতেন। ছাত্রদলের সদস্য সচিবের সঙ্গে রাজনীতি করতেন বলেও তিনি জানান।
অভিযোগের বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন যুগান্তরকে বলেন, ‘সাবিদ আমাদের কোনো কর্মী নয়। সে ক্যাম্পাসের জুনিয়র হিসেবে আমাদের সঙ্গে পরিচিত ছিল। প্রথম দিকে অনেক জুনিয়রই আমাদের সঙ্গে যোগাযোগ করে, বিভিন্ন সামাজিক ও ক্যাম্পাসকেন্দ্রিক কর্মসূচিতেও আসে। কিন্তু সে সাংগঠনিকভাবে আমাদের কোনো কমিটিতে নেই, আমাদের কোনো কার্যক্রমেও সক্রিয় ছিল না।’
তিনি আরও বলেন, ‘তার সঙ্গে আমার গত ছয় মাস ধরে কোনো যোগাযোগ নেই, দেখাও হয়নি। তার পারিবারিক বা ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমার জানা ছিল না। কেউ যদি গোপনে অন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, সেটি আমাদের অজানা থাকতেই পারে। আমরা বিষয়টি আগে জানলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিতাম। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার চেষ্টা করব।’