Image description

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করা আলোচিত আইনজীবী এম কামাল উদ্দিনকে জরিমানা করে মুক্তি দিয়েছেন আদালত। সুনির্দিষ্ট কোনো মামলা না থাকায় সন্দেহজনক চলাফেরার অভিযোগে তাকে আদালতে পাঠিয়েছিল পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তাকে জরিমানা করে মুক্তির আদেশ দেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, ‘শুক্রবার রাতে কর্ণফুলী থানার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন এম কামাল উদ্দিন। খবর পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকায় সন্দেহজনক চলাফেরার অভিযোগে মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৮৮ ধারায় তাকে আদালতে পাঠানো হয়।’

এম কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগ সরকারের সময় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।