রাজনীতির শিকার হয়ে দেশের চিকিৎসকদের মেধা ও পেশাজীবিত্ব যেন কোনোভাবেই ব্যাহত না হয়—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এমপি মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ডাক্তাররা রাজনীতির শিকার হয়ে যায়, এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব।
আজ শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এই সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ডা. হারুন আল রশিদ, সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় পঙ্গু হাসপাতালের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান এবং বিএমইউ ড্যাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
বিএসপিএমআরের নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন এবং বিএমইউর ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে কী-নোট বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম এম জামান ও সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ বলেন, আমাদের জায়গা কম, ডাক্তারও কম। আবার রাজনৈতিক কারণে আমাদের ডাক্তারদের অনেকের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেনি। আমি এটা দেখেছি প্রাকটিক্যালি। ডাক্তাররা রাজনীতির শিকার হয়ে যায়, এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব। আর কোন দেশে আমি দেখিনি আমি শুনিওনি। এখন থেকে আমাদের গভর্মেন্টকে শিখতে হবে যে ডাক্তারদের যেন রাজনীরি শিকার হতে না হয়, কোনো সময়েই না। এটা ‘বিএনপির ডাক্তার’! ভাই, মেডিকেলের বইয়ের কি লেখা আছে এটা বিএনপির বই? সুতরাং ডাক্তারকে ডাক্তারই ডাকতে দেই।
তিনি বলেন, এটা আমাদের বেলায় যেমন প্রযোজ্য, তেমনি অন্যান্য সরকারের বেলায়ও এটা হওয়া উচিত। আজকে এখানে আমার সামনে বসে আছে অনেকে, যারা অনেক আগেই প্রফেসর হতে পারত, যোগ্যতা রাখে। কিন্তু রাজনীতির কারণে এটা সম্ভব হয়নি। এটা যেন আমার হাতে না হয়।
মির্জা আব্বাস বলেন, আমরা এই দেশে ডাক্তার তৈরি করব এবং বৃদ্ধি করব। আমাদের যেন বিদেশ যেতে না হয়। আমার দেশে ডাক্তাররা বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে। কিন্তু দেশে সুযোগ পাচ্ছে না।
বর্ষীয়ান এই নেতা আরও বলেন, আমার স্ট্রোক হয়েছে, এর মধ্যে আমি দু-তিনবার বিদেশ গিয়েছি। যাইনি, আমাকে নিয়ে গেছে। আমি বিশ্বাস করি, আমাদের দেশের ডাক্তাররা যেকোনো দেশের যেকোনো ডাক্তারের চেয়ে ভালো ডাক্তার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের জনসংখ্যার হিসেবে চিকিৎসার জায়গা কম। আমি আমার দেশের ডাক্তারদের নিয়ে অত্যন্ত গর্বিত। এটা আমি স্পষ্টভাবে সব জায়গায় বলছি। বলতে আমার ভালো লাগে।
এ সময় সুপার স্পেশালাইজড হাসপাতালের রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার বেসরকারিকরণ না করতে অনুরোধ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, সম্প্রতি রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের সঙ্গে আমি পরিচিত হয়েছি নিজে চিকিৎসা করতে গিয়ে। আমার মনে হয় এই সেন্টারটি এই মেডিকেলের কার্যকলাপের সঙ্গে যুক্ত রাখা উচিত। এটা কোনো বিদেশি বা করপোরেটের হাত দেওয়া ঠিক হবে না। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।