Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একাধিক কর্মকর্তা-কর্মচারীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আব্দুল জলিলের বিরুদ্ধে। চাঁদাবাজির মামলার আসামি হয়েও মামলা তুলে নিতে এবং নিয়মিত চাঁদা দিতে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

মোবাইল ফোনে হুমকির পাশাপাশি কারখানার প্রধান ফটকে গিয়ে কর্মকর্তাদের দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

 

এ ঘটনায় মেঘনা গ্রুপের জিএম খন্দকার মো. শফিকুল আলম সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।

 
 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর গ্রামের আব্দুল জলিল ও তার সহযোগীদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের মেঘনাঘাট এলাকার ফ্রেশ সিরামিকসহ বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানে চলাচলকারী ট্রাক ও কাভার্ডভ্যান থেকে চাঁদা আদায়ের অভিযোগ আছে।

এছাড়া কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে মারধরের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। এসব ঘটনায় মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ডাল মিল অ্যান্ড ফ্লাওয়ার মিলস লিমিটেডের প্রশাসন বিভাগের ম্যানেজার মো. মনিরউদ্দীন বাদী হয়ে সোনারগাঁ থানায় চাঁদাবাজির মামলা করেন।

খন্দকার মো. শফিকুল আলমের অভিযোগ, মামলার আসামি হওয়ার পর থেকে আব্দুল জলিল মামলা তুলে নিতে এবং নিয়মিত চাঁদা দিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমনকি আষাঢ়ীয়ারচরের ফ্রেশ সিরামিক কারখানার প্রধান ফটকে গিয়ে একাধিক কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ফ্রেশ সিরামিকের ট্রাক ও কাভার্ডভ্যান থেকে প্রতিটি গাড়ির বিপরীতে ১ হাজার ১০০ টাকা করে চাঁদা দাবি করা হয়। গত ১৪ সেপ্টেম্বর ফ্রেশ সিরামিকের একটি ট্রাকের চালক মো. ফরিদ (৩১) চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে ভয়ভীতি দেখান। পরদিন সকালে আবারও চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে টাকা দেওয়ার পর ট্রাকের চাবি ফেরত দেওয়া হয়। বিষয়টি কাউকে জানালে চালক ফরিদকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মেঘনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াতকারী গাড়ি থেকেও নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, আব্দুল জলিলের বিরুদ্ধে মামলা আছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত।