Image description

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালীকে আসামি করা হয়েছে। তবে মামলায় উল্লেখ করা ঘটনার প্রায় সাত মাস আগেই মারা গেছেন তিনি।

গত ২৯ মার্চ তার মৃত্যু হলেও ৯ নভেম্বর রাতে সংঘটিত ঘটনার পর করা মামলার এজাহারে তার নাম রয়েছে ২১৯ নম্বরে।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ, যানবাহনে হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পদ্মা সেতু দক্ষিণ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওই এজাহারেই সামচু ঢালীর নাম রয়েছে।

তবে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, সামচু ঢালী চলতি বছরের ২৯ মার্চ মারা গেছেন। অর্থাৎ মামলায় বর্ণিত ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই তার মৃত্যু হয়েছে।

গত ৯ নভেম্বর রাত ১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকা পড়ে বিপুলসংখ্যক যানবাহন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারে সামচু ঢালীর নাম ২১৯ নম্বরে থাকার বিষয়টি সামনে আসার পর প্রশ্ন উঠেছে, ঘটনার আগে মারা যাওয়া একজন ব্যক্তিকে কীভাবে ওই মামলায় আসামি করা হলো।

সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী বলেন, ‘আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।’

তিনি বলেন, ‘সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’

এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বলেন, ‘আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।’

জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ‘মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা