সন্তানকে ডাক্তার বা প্রকৌশলী হিসেবে গড়ে তোলার আগে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার পরিচয় দিলেও মানুষের ব্যবহারই তার প্রকৃত শিক্ষার পরিচয় বহন করে। সন্তান বড় কর্মকর্তা হয়েও যদি দুর্নীতিবাজ ও অনৈতিক মানুষ হয়, তাহলে সমাজ ও রাষ্ট্র তার কাছ থেকে কিছুই পাবে না।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় বর্ণমালা বিদ্যাপীঠের ১৪তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে বর্তমান সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়নে কৃষি, রাস্তাঘাট, শিল্পকারখানা ও বেকারত্ব দূরীকরণে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। একই সঙ্গে আধুনিক শিক্ষাব্যবস্থা চালুর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেও উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্ণমালা বিদ্যাপীঠের সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মবিনুল ইসলাম কাজল।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
শীর্ষনিউজ