Image description

জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়ার অভিযোগে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক নারী ও এক পুরুষ। পরে তাদের পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আটক পুরুষকে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে প্রচার করা হলেও তিনি দলের কেউ নন বলে দাবি করেছে উপজেলা জামায়াত।

শুক্রবার (১৩ নভেম্বর) মধ্যরাতে উপজেলার ৫ নম্বর পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের ডোমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


আটক ব্যক্তিরা হলেন ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে বাবলু মিয়া (৪২) এবং একই এলাকার মর্জিনা খাতুন (৪০)। বাবলু চার সন্তানের জনক। অন্যদিকে, মর্জিনা চা বিক্রেতা আজিজুল হকের স্ত্রী। তারা সম্পর্কে জামাই ও খালা-শাশুড়ি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


স্থানীয় সূত্রের দাবি, বাবলু মিয়া ও মর্জিনা খাতুনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে শুক্রবার রাতে তাদের আপত্তিকর অবস্থায় আটক করা হয়।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে বাবলু মিয়া নিজেকে জামায়াতে ইসলামীর কর্মী বলে পরিচয় দেন বলে জানা গেছে। এ সময় মর্জিনা খাতুনের দাবি, বাবলু মিয়ার সঙ্গে তাঁর চার-পাঁচ বছর ধরে সম্পর্ক রয়েছে।তাদের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয়।

এদিকে, বাবলু মিয়াকে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে প্রচারের বিষয়টি অস্বীকার করেছে দলটির সরিষাবাড়ী উপজেলা শাখা।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মনির উদ্দিনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরে পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের বাবলু মিয়াকে পরকীয়া ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটকের ঘটনায় জামায়াতের কর্মী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তিনি জামায়াতে ইসলামীর কোনো কর্মী নন।

বিবৃতিতে আরও বলা হয়, পিংনা ইউনিয়ন জামায়াতের কর্মী তালিকায়ও বাবলু মিয়ার নাম নেই। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে দলের কর্মী হিসেবে প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।

জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দলটি কোনো অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে আটক ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, স্থানীয় লোকজন দুজনকে আপত্তিকর অবস্থায় পেয়ে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।

শীর্ষনিউজ