Image description

বন্ড সুবিধায় শুল্ক ছাড়াই বিদেশ থেকে আনা হয়েছিল দামি তামার স্ক্র্যাপ। শর্ত ছিল, এই কাঁচামাল দিয়ে পণ্য বানিয়ে বিদেশে রপ্তানি করতে হবে। কিন্তু জাপানে পাঠানোর সময় কনটেইনার খুলে কাস্টমস কর্মকর্তারা পেলেন সম্পূর্ণ ভিন্ন জিনিস। বাছাই করা তামার বদলে সেখানে সাজানো ছিল জাহাজের ১০টি পুরনো প্রপেলার বা পাখা। চট্টগ্রামের একটি বেসরকারি কনটেইনার ডিপোতে এ ঘটনা ধরা পড়ে।

অভিনব এ জালিয়াতির মাধ্যমে সরকারের প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির চেষ্টা করেছিল চট্টগ্রামের সীতাকুণ্ডের ‘নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড’।

আজ শনিবার চট্টগ্রাম কাস্টম হাউজ, আইসিডি বিজ্ঞপ্তি দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।

কাস্টমস বলছে, নিয়ালকো অ্যালয়েজ জাপানে ‘সর্টেড কপার’ বা বাছাই করা তামা রপ্তানির ঘোষণা দিয়েছিল। গত ৩ নভেম্বর এই চালানের বিল দাখিল করা হয়। পণ্যের মূল্য দেখানো হয় ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর রাত পৌনে ১০টায় চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড অফডকে অভিযান চালানো হয়। সিঅ্যান্ডএফ এজেন্ট ও ডিপো কর্তৃপক্ষের সামনেই কনটেইনারটি শতভাগ খুলে পরীক্ষা করা হয়। তখনই বেরিয়ে আসে আসল রহস্য। তামার বদলে পাওয়া যায় স্থানীয়ভাবে সংগৃহীত জাহাজের ১০টি বিশাল কাটা পাখা। সবগুলোই পুরনো বা স্ক্র্যাপ।

 

কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে জালিয়াতির পুরো ছকটি পরিষ্কার হয়েছে। প্রতিষ্ঠানটি গত ২৯ সেপ্টেম্বর বন্ড সুবিধায় তামা ও সংকর ধাতুর স্ক্র্যাপ আমদানি করে। ১৭ অক্টোবর তা ব্যবহারের অনুমতিও (ইউপি) নেয়। নিয়ম অনুযায়ী, আমদানি করা কাঁচামাল দিয়ে তৈরি পণ্যই রপ্তানি করতে হয়। কিন্তু প্রতিষ্ঠানটি তা করেনি। সীতাকুণ্ড দেশের জাহাজভাঙাশিল্পের প্রধান কেন্দ্র। সেখান থেকে সস্তায় পুরনো জাহাজের পাখা কিনে তা রপ্তানির চেষ্টা করে প্রতিষ্ঠানটি।

কাস্টমস কর্মকর্তারা জানান, দেশীয় পণ্য বিদেশে পাঠিয়ে কাগজে-কলমে আমদানি করা কাঁচামালের হিসাব মিলিয়ে ফেলাই ছিল মূল উদ্দেশ্য। এটি সফল হলে বন্ড সুবিধায় আনা শুল্কমুক্ত দামি তামার স্ক্র্যাপ চড়া দামে দেশের খোলাবাজারে বিক্রি করার সুযোগ তৈরি হতো।

চট্টগ্রামের ভাটিয়ারীর জাহানাবাদে অবস্থিত নিয়ালকো অ্যালয়েজ একটি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান। ২০১১ সালে নিবন্ধিত এই কোম্পানিটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত প্রথম প্রতিষ্ঠান। ২০২২ সালে শেয়ারবাজার থেকে তারা সাড়ে ৭ কোটি টাকাও তুলেছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গাজী মোকাররম আলী চৌধুরী ও চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকির এই ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে কাস্টমস। সংস্থাটি জানিয়েছে, এরই মধ্যে চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ শুরু হয়েছে। জড়িতদের বিরুদ্ধে শিগগিরই রাজস্ব ফাঁকির মামলা করা হবে।