Image description

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিয়ে, কারামুক্ত ব্যক্তিদের সংবর্ধনা এবং জানাজায় একের পর এক অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। সর্বশেষ এসব অভিযান উত্তর পশ্চিম তীরে বেশি কেন্দ্রীভূত থাকলেও মধ্যাঞ্চলের রামাল্লা ও আল-বিরেহ এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে পড়েছে।

ফিলিস্তিনি সূত্রের বরাতে জানা গেছে, রামাল্লার উত্তর-পূর্বে আল-মুঘাইয়ির গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অভিযান চালায় ইসরাইলি সেনারা। এ সময় বরকে আটক করে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। পরে তাকে ব্যাপক মারধর করা হয়। একই সঙ্গে তার কয়েকজন স্বজনকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

 

অভিযোগ অনুযায়ী, অভিযানে অংশ নেওয়া নারী ইসরাইলি সেনারা কনেকেও লাঞ্ছিত করেন এবং তার বিয়ের পোশাক তল্লাশি করেন। বিয়ের অনুষ্ঠানে একদল কিশোরের আতশবাজি ফোটানোর ঘটনাকে অভিযানের কারণ হিসেবে দেখায় ইসরাইলি বাহিনী।

 

এদিকে জেরিকো শহরে ইসরাইলি সেনারা ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া এক ফিলিস্তিনির সংবর্ধনা অনুষ্ঠানে অভিযান চালায়। এ সময় অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্য যে বাড়িতে আয়োজন করা হয়েছিল, সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বাড়ির বিভিন্ন জিনিসপত্র ধ্বংস করে দেয় সেনারা।

 

শুধু বিয়ে কিংবা কারামুক্তির আনন্দ আয়োজনই নয়, ফিলিস্তিনিদের জানাজাতেও হামলার অভিযোগ উঠেছে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে। সর্বশেষ সিলওয়াদ শহরে ১৭ বছর বয়সী এক কিশোরের জানাজায় হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির দাবি, ওই কিশোর ইসরাইলি কারাগারে অনাহারে মারা যায়।

 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনিদের এবং তাদের সম্পত্তি লক্ষ্য করে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ২১টির বেশি হামলা ও সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাফেয়ার্স।

 

ফিলিস্তিনিদের অভিযোগ, বিয়ে, কারামুক্ত ব্যক্তিদের সংবর্ধনা কিংবা জানাজার মতো সামাজিক ও পারিবারিক আয়োজনেও ইসরাইলি বাহিনীর অভিযান তাদের স্বাভাবিক জীবনযাত্রা ও সামাজিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে। অধিকৃত পশ্চিম তীরে এসব অভিযান ও বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 

সূত্র: আল জাজিরা