সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল নেতা খালিদ পারভেজকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তা প্রদর্শন করে সামাজিক মর্যাদাহানির অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-২।
এসআরবি সূত্র জানায়, খালিদ পারভেজের নামে পর্নোগ্রাফি আইনে একটি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। যে থানা থেকে তার নামে রিকুইজিশন দেওয়া হয়েছিল, সেটির ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। প্রথমে তাকে হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে তাকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হবে।
গ্রেপ্তার খালিদ পারভেজ ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য। তার বাবার নাম আমজাদ হোসেন ঝন্টু। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকার বাসিন্দা।
মামলার তথ্য অনুযায়ী, গত ১ জুলাই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আমলি আদালতে মোছা. লাকী আক্তার বাদী হয়ে মামলাটি করেন। পরে ৯ জুলাই মামলাটি এজাহারভুক্ত হয়। মামলায় খালিদ পারভেজ (২৭) ছাড়াও রবিউল ইসলাম (২৯) নামে অপর একজনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের মোছা. লাকী আক্তার বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২), ৮(৩) ও ৮(৪) ধারায় অভিযোগটি দায়ের করেন। মামলাটি ঠাকুরগাঁও আমলি আদালতের সি.আর. ৬৭৪/২০২৬ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন এবং একসঙ্গে সময় কাটান। পরে ১৬ জুন ওই নারীকে না জানিয়ে তাকে তালাক দেন খালিদ। তালাকের পরও তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
অভিযোগে আরও বলা হয়, ওই নারী প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ জুন সকাল ১০টার দিকে খালিদ নিজের ফেসবুক আইডি থেকে তার গোপন ছবি ও ভিডিও প্রকাশ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।