Image description
আত্নগোপন করে থাকা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।ফতুল্লায় অবস্থিত তার মালিকানাধীন ‘উইজডমঅ্যাটায়ার্স লিমিটেড’ নামের তৈরি পোশাক কারখানায় এ অভিযান চালানো হয়। তবে এসময় তাকে পাওয়া যায়নি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে এই অভিযান পরিচালিত হলেও শুক্রবার বিষয়টি গণমাধ্যমকর্মীরা জানতে পারে।
 
কারখানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালের দিকে একটি বড় হায়েস মাইক্রোবাসে করে সাদা পোশাকে ৮-১০ জন কারখানার প্রধান ফটকে এসে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) বলে জানায়। তারা তখন কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমান সম্পর্কে জানতে চান। তখন তাদের জানানো হয়, প্রায় ছুটি হয়ে যাওয়ায় ঘণ্টাখানেক আগে কারখানার শ্রমিকরা চলে গেছে। ভেতরে কেউ নেই। তারা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যায়।
 
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, কয়েক দিন ধরেই আলোচনা চলছিল সেলিম ওসমান নারায়ণগঞ্জের ফতুল্লায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মাঝে মাঝে আসেন। বৃহস্পতিবার তাদের নিকট সংবাদ ছিল যে সেলিম ওসমান ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে এসেছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে গিয়েছিল। কিন্ত সেলিম ওসমানকে পাওয়া যায়নি। সেলিম ওসমানের বিরুদ্ধে বেশ কয়েকটি বৈষম্য বিরোধী মামলা রয়েছে বলে তিনি জানান।
 
তিনি আরও জানান, জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তার অবস্থান নিশ্চিত করা গেলেই তাকে গ্রেপ্তার করা হবে।
 
উল্লেখ্য, সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য। তিনি তার বড়ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালে উপনির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ ও ২০২৪ সালেও একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির এ প্রেসিডিয়াম সদস্য। তিনি ছিলেন নিট পোশাক ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন বিকেএমইএ’র সভাপতি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ওসমান পরিবারের সদস্য ও তাদের সহযোগীরা আত্মগোপনে চলে যান। শামীম ওসমান ও তার স্ত্রী-কন্যা-সন্তানরা দেশ ছাড়তে সক্ষম হলেও সেলিম ওসমান এখনও দেশেই রয়েছেন বলে অনেকে দাবি করছেন।
 
গণঅভ্যুত্থানের পরপরই স্থানীয় রাজনীতিকদের অনেকে ওসমান পরিবারের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানালেও সম্প্রতি ওই দাবি আরও জোরালো হয়েছে।
 
চলতি মাসের প্রথম সপ্তাহে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় শ্রমিক আন্দোলনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আল আমিন বলেন, সেলিম ওসমান ফতুল্লায় কারখানা চালাচ্ছেন এবং এখানে এসেও তদারকি করেন।