Image description

শেরপুরের নকলায় সাংবাদিক মো. মামুন মিয়ার বাসার সামনে কাফনের কাপড়, মোমবাতি ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাসার সামনে একটি লাল ব্যাগে এসব সামগ্রী দেখতে পান তিনি। এ ঘটনায় তার পরিবারে উদ্বেগ এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মামুন মিয়া দৈনিক বাংলা পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি ও নকলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাসার সামনে একটি লাল ব্যাগ দেখতে পান মামুন মিয়া। পরে ব্যাগটি খুলে এর ভেতরে কাফনের কাপড়, মোমবাতি ও একটি চিরকুট পান তিনি। চিরকুটে লেখা ছিল, ‘জনাব মামুন, অহমিকার প্রাসাদ যতই সুউচ্চ হোক, বাস্তবতার আদালতে প্রত্যেককেই নিজের কৃতকর্মের জবাবদিহি করতে হবে। আপনার জন্য আমাদের বিশেষ উপহার, আশা করি ভালো হয়ে যাবেন।’

মামুন মিয়ার অভিযোগ, তাকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই কে বা কারা এসব সামগ্রী রেখে গেছে। স্থানীয় বিভিন্ন অনিয়ম, অসংগতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশের কারণে এর আগেও বিভিন্ন সময়ে তাকে হুমকি-ধমকি দেওয়া হয়েছে।

ঘটনাটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নকলা থানা পুলিশকে অবহিত করেন তিনি। খবর পেয়ে শুক্রবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ব্যাগের ভেতরে থাকা সামগ্রী ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়।

সাংবাদিক মামুন মিয়া বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য প্রকাশের চেষ্টা অব্যাহত রাখায় তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে তিনি মনে করেন। তবে এসব হুমকিতে তার কলম থেমে থাকবে না। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। কে বা কারা কী উদ্দেশ্যে এসব সামগ্রী রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।