বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা সফর ও জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে জেলা জামায়াত। আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানো হয়েছে।
জনসভা প্রসঙ্গে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন, এবারের জনসভা মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এটি শুধু লোকসমাগমের আয়োজন নয়; বরং সংগঠনের আদর্শ, দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরার একটি সুযোগ। মানুষের অধিকার, ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত সমাজ ও সুশাসনের প্রত্যাশাকে সামনে রেখেই এ সমাবেশের আয়োজন করা হচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা পৌরসভা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি খোরশেদ আলম।
এতে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ ও অধ্যাপক গাজী সুজায়েত আলী এবং কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম।
শহিদুল ইসলাম মুকুল বলেন, সাতক্ষীরা ইসলামী আন্দোলনের উর্বর ভূমি হওয়ায় বিগত সরকারের আমলে এ জেলায় ব্যাপক নির্যাতন চালানো হয়েছে বলে তাঁদের অভিযোগ। এ সময় অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন এবং বুলডোজার দিয়ে মানুষের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনার বিচার হওয়া প্রয়োজন।জনসভার প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের ২৯ নভেম্বর সাতক্ষীরায় অনুষ্ঠিত কর্মী সম্মেলন সারা দেশের অন্যতম সেরা সম্মেলন হিসেবে স্বীকৃতি পেয়েছিল। জামায়াতের আমিরও ওই সম্মেলনের প্রশংসা করেছিলেন এবং এটিকে বিশেষ উপহার হিসেবে উল্লেখ করেছিলেন।
তিনি আরও বলেন, এবারের জনসভাকে সুশৃঙ্খল ও সফল করতে নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ নির্বাচন করা হয়েছে। বিশেষ করে নারীদের অংশগ্রহণ বাড়াতে নারী সংগঠনের দায়িত্বশীলদের পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
শীর্ষনিউজ