প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন বলেছেন, গণঅভ্যুত্থানের ইতিহাস যদি রচনা করা হয়, তাহলে গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস। আমি নাহিদ ও আসিফের গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাই না। কিন্তু বারবার বলব, শতবার বলব, গণঅভ্যুত্থানের মীরজাফর হাসানাত ও সারজিস। এর প্রমাণ রয়েছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের আয়োজিত বিশেষ সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, নিউজ২৪-এর টকশোতে একজন সাংবাদিকও বলেছেন, যখন নাহিদ ও নাসিরদের ঘুম করা হয়েছিল কিংবা তারা ডিবি হেফাজতে ছিলেন, তখন ডিজিএফআইয়ের গাড়িতে করে ফাস্ট ও সারজিস কারফিউ পরিদর্শন করেছেন। এগুলো একটি মিথ্যা ইতিহাস। আমি চ্যালেঞ্জ করে বলছি, তারা যদি প্রমাণ করতে পারেন যে রাশেদ খান কোনো মিথ্যা কথা বলেছেন, তাহলে আইন-আদালত রয়েছে। আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন।
তিনি বলেন, আসিফ মাহমুদ কি দুদকের বিষয়ে গিয়েছিলেন? তার পক্ষে কি আদালত দাঁড়িয়েছিল? দুদক কোনো কিছু প্রমাণের আগেই কেন এ ধরনের প্রেস ব্রিফিং করল? তাহলে কি আদালত এখন স্বাধীন? আদালতে রাশেদের বিরুদ্ধে মামলা করছেন না কেন? আমি যদি মিথ্যাচার করে থাকি, ষড়যন্ত্র করে থাকি, তাহলে মামলা করছেন না কেন? কারণ, আমি যা বলি, তা প্রমাণিত সত্য। আমি তথ্য ও যুক্তি দিয়ে কথা বলি। এ কারণেই জামায়াতের আমিরের পা থেকে মাথা পর্যন্ত জ্বালাপোড়া শুরু হয়ে যায়।
‘ঠিক একইভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে জামায়াত ও এনসিপির ভণ্ডামিগুলো তুলে ধরেন, তখন তাদেরও গায়ে জ্বালাপোড়া শুরু হয়। যে কারণে তাদের ৯০ জন সংসদ সদস্য দাঁড়িয়ে যান এবং বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে সামাল দিতে জামায়াত ও এনসিপির ৯০ জন সংসদ সদস্য দাঁড়িয়ে যান। এভাবে কি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে?’
তিনি বলেন, আমার কথা আপনি শুনবেন, পাল্টা যুক্তি দেবেন, নিজের কথা বলবেন—আমরা তো এটাই চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশে কেন এমন হচ্ছে? কেন আমরা সহনশীল রাজনীতি প্রতিষ্ঠা করতে পারছি না? এর মূল কারণ জামায়াত। তারা ক্ষমতায় যেতে পারেনি। ফেসবুক তাদের ক্ষমতায় বসিয়ে দিয়েছিল, কিন্তু সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। ক্ষমতায় যেতে না পারার এই ক্ষোভ ও রাগ থেকে তারা বিএনপিকেও দেশ পরিচালনা করতে দিতে চায় না। আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে, আর জামায়াত সেটিকে সমর্থন দেওয়ার পথ বেছে নিয়েছে। অন্যথায়, ১০ নভেম্বর সারা দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে যে অগ্নিসন্ত্রাস করা হলো, তখন জামায়াত ও এনসিপি মাঠে নামল না কেন? আর জাতীয় সংসদে দাঁড়িয়ে এত গলাবাজি করেন কেন? আপনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে এতই সংগ্রামী হয়ে থাকেন, তাহলে মাঠে নামুন।
শেষে তিনি বলেন, আমি মনে করি, জামায়াতের আমির যেহেতু জাতীয় সংসদে দাঁড়িয়ে ৩৫০ জন সংসদ সদস্যকে সাক্ষী রেখে বলেছেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ারের কোনো বৈঠক হয়নি, তাই জামায়াতকে বলব, আপনারা দলগতভাবে একটি তদন্ত কমিটি গঠন করুন। সেই তদন্ত কমিটি যদি আমার কাছে তথ্য চায়, তাহলে আমি তথ্য দিয়ে সহযোগিতা করব।
সাংবাদিক ভাইয়েরা, যারা এই বৈঠক নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করব। তারপরও আমি এতটুকু বলতে চাই, আমি তো মুসলমানের সন্তান। আমাকে তো মরতে হবে, তাই না? আমি এতটুকু বলতে চাই, ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামায়াতের বৈঠক হয়েছে। জামায়াতের আমির ৩৫০ জন সংসদ সদস্যকে সাক্ষী রেখে মিথ্যাচার করেছেন। আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইতিমধ্যে ডেইলি ওয়াদার আমাদের শফিক ভাইয়ের সঙ্গে আমি এ তথ্য শেয়ার করেছি। সম্প্রতি তথ্যগুলো শেয়ার করেছি। আমি যদি মিথ্যাচার করি, তাহলে তারা পরিষ্কার করে বলুক, আমি মিথ্যা বলেছি। আন্তর্জাতিক গণমাধ্যমে যারা কাজ করেন এবং যেসব জ্যেষ্ঠ সাংবাদিক রয়েছেন, তাদের সবার কাছেই এই তথ্য রয়েছে। শুধুমাত্র কিছু সংবেদনশীল কারণে তারা আসলে সেভাবে এসব তথ্য প্রকাশ করতে পারছেন না।