নারায়ণগঞ্জের ফতুল্লায় বিরিয়ানির দোকানের এক ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে। খাবারের দাম পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে দোকানের ম্যানেজারের বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকান ম্যানেজারের নাম খোকন।ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এইচ এম হোসেনকে উত্তেজিত অবস্থায় বলতে শোনা যায়, ‘আমু ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা উল্টাইয়া পইরা থাকবেন। ’
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বিরিয়ানির দোকানে খাবারের দাম পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে ম্যানেজার খোকনের বাগ্বিতণ্ডা হয়। পরে ওই নারী জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে দোকানে আসেন।
এ সময় খোকনের সঙ্গে হোসেনের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
দোকানের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক নারী চার প্যাকেট বিরিয়ানি নিতে এসে ক্যাশে টাকা না দিয়েই মূল্য পরিশোধ করেছেন বলে দাবি করেন। তবে ম্যানেজার খাবার দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্ক হয়।
পরে ওই নারী এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে দোকানে আসেন। তখন হোসেন ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি দেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
এইচ এম হোসেন মৎস্যজীবী দলের সভাপতি বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, বিষয়টি মৎস্যজীবী দল দেখবে। মূল দল হিসেবে তাদের কাছে তথ্য ও অভিযোগ জমা হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কেউ দলের পরিচয় ব্যবহার করে অপকর্মে জড়ালে তার দায় দল নেবে না। বিএনপি অন্যায়কে প্রশ্রয় দেয় না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। তিনি বলেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শীর্ষনিউজ