Image description
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে দুর্বৃত্তরা পুড়িয়ে দেয়। এর আগে গত ১০ নভেম্বর মৌলভীবাজারে হামলার শিকার হন এনসিপির আরেক নেতা ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। এছাড়া প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে এনসিপির আরও কয়েকজন নেতাকে।
 
জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদে ক্ষোভ ঝরেছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের কণ্ঠে। সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন এই তরুণ নেতা। প্রশ্ন তোলেন, কেন টার্গেট জুলাই যোদ্ধারা?
 
সংসদে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই সরকার তাদের কী ধরনের নিরাপত্তা দেবে? সরকার যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে সেটি আমাদের জানিয়ে দিক।’
 
ধারাবাহিক এই হামলার জন্য পতিত স্বৈরাচারদের দুষছেন এনসিপি নেতারা। তাদের দাবি, ভয়ের পরিবেশ তৈরি করে জুলাইয়ের চেতনাকে দমিয়ে রাখতে পরিকল্পিতভাবে সংগঠকদের টার্গেট করা হচ্ছে।
 
তবে এমন হামলা ও হুমকির বিষয়ে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, ‘যারা নিজেদের মধ্যে ফ্যাসিবাদী চিন্তাধারা ধারণ ও লালন করেন, তাদের একমাত্র লক্ষ্য এনসিপি। তারা মনে করেন, এনসিপিকে মুছে দিতে পারলে এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও সমন্বয়কদের সরিয়ে দিতে পারলে এ দেশে আবার নতুনভাবে ফ্যাসিবাদ কায়েম করা সম্ভব।’
আইন নির্দেশিকা দেখুন
 
এদিকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘তারা সব সময়ই ধারাবাহিকভাবে হুমকি দিয়ে আসছেন। বিভিন্ন সময়ে তারা নিজেদের টার্গেট তালিকাও প্রকাশ করেন। ওই তালিকায় মূলত ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদেরই লক্ষ্যবস্তু করা হয়। বর্তমানে আমরা সেই ধারাবাহিকতারই একটি বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।’
 
সংগঠকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন এনসিপি নেতারা। তাদের অভিযোগ, সরকারের নিষ্ক্রিয়তার কারণেই হামলাকারীরা এমন দুঃসাহস দেখাচ্ছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি তাদের।
 
আখতার হোসেন আরও বলেন, ‘এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তারা ভয়ভীতি প্রদর্শন করছেন। কিন্তু আমরা যারা জুলাইয়ে জীবন দেওয়ার নিয়ত নিয়ে রাজপথে নেমেছিলাম, আওয়ামী লীগের এসব কর্মকাণ্ডে আমরা ভয় পাই না বা ভীত হই না। বরং বাংলাদেশকে রক্ষা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার জন্য প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
 
সরকারের সমালোচনা করে হান্নান মাসুদ বলেন, ‘দিবালোকের মতো পরিষ্কার যে সরকার পুরোপুরি ব্যর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীও পুরোপুরি ব্যর্থ। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন বিষয়টি হলো, তারেক রহমানের সরকার এই ব্যর্থতা উপলব্ধি করছে কি না এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও তার ব্যর্থতা উপলব্ধি করছেন কি না।’
 
একের পর এক হামলা-হুমকিকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরাও। তাদের মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে সহিংসতা কিংবা ভীতি প্রদর্শন গণতান্ত্রিক পরিবেশের জন্য বড় হুমকি।
জাতীয় খবর
 
এদিকে রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শাহান বলেন, ‘বারবার এ ধরনের ঘটনা ঘটছে, অথচ সেগুলো ঠেকাতে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, সরকারের মধ্যে একধরনের অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে। অনেক সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরিস্থিতি ততটা খারাপ হয়নি কিংবা ঘটনাগুলো খুবই বিচ্ছিন্ন। কিন্তু এ ধরনের পরিস্থিতি যখন বারবার চলতে থাকে, তখন সেগুলোকে আর বিচ্ছিন্ন ঘটনা বলার কোনো যৌক্তিকতা আমি দেখি না।’
 
রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও ঐক্য প্রতিষ্ঠা না হলে সংকট আরও বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা।