রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের ছাত্রীনিবাসে গভীর রাতে পুলিশি হামলা ও শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
শুক্রবার (৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া ও সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ নাজিফা এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হলের আসন পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে সাধারণ ছাত্রীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। কিন্তু কলেজ প্রশাসন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করে গভীর রাতে ক্যাম্পাসে পুলিশ ডেকে আনে।
পরে ছাত্রীনিবাসে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও শারীরিক নির্যাতন চালানো হয়।
তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রীদের নিরাপদ আবাসস্থলে পুরুষ পুলিশের প্রবেশ এবং ছাত্রীদের ওপর এমন হামলা নজিরবিহীন ও লজ্জাজনক। এ ধরনের ঘটনা আইনের শাসন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সমস্যার সমাধান করাই অধ্যক্ষের দায়িত্ব।
কিন্তু তিনি সেই দায়িত্ব পালনের পরিবর্তে শিক্ষার্থীদের ওপর পুলিশি ব্যবস্থা নিয়েছেন। এ ঘটনায় অধ্যক্ষ তাঁর পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেন সংগঠনটির নেতারা।
তাদের দাবি, পুলিশি হামলায় বেশ কয়েকজন ছাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।বিবৃতিতে অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার দায় নিয়ে অধ্যক্ষের জবাবদিহি ও পদত্যাগ দাবি করা হয়। একই সঙ্গে আহত ছাত্রীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।
ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপদ আবাসন নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনারও দাবি জানিয়েছে সংগঠনটি।
শীর্ষনিউজ