নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী হিসেবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের নাম চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
চলতি মাসে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ থেকে তার নাম ঘোষণা করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে এ তথ্য।
জানা গেছে, চার দফা দাবিতে সারা দেশের মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। চলতি মাসে নারায়ণগঞ্জে সমাবেশ করার কথা রয়েছে দলটির। সেখান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী হিসেবে আলী আহসান জুনায়েদের নাম ঘোষণা করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলী আহসান জুনায়েদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।
অন্যদিকে এই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী মহানগর জামায়াতের আমির ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য এবং দলটির মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার কালবেলাকে বলেন, স্থানীয় নির্বাচন আমরা এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। ভালো ফলে নিয়ে আসার লক্ষ্য নিয়ে মাঠে কাজ করছি।
তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনকে আমরা দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও তৃণমূলের ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলের পরিচয় পৌঁছানোর কাজ হিসেবে দেখছি।