ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বিপুল ভোটে জয়লাভ করেছেন। জয়ের পর তিনি পরাজিত প্রার্থীর বাসায় গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেছেন।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে তিনি পৌর শহরের হাজীপাড়ায় জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান। এসময় তারা কুশল বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টি মুখ করান।
এসময় ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একে অপরকে সহযোগিতা, পরামর্শ এবং এক সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম ভোটের ফলাফল ঘোষণা করেন।