প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। নিউজিল্যান্ড তাই মাঠে নেমেছিল হোয়াইটওয়াশের শঙ্কা থেকে বাঁচতে। সিরিজের চতুর্থ ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেল স্বাগতিকরা। অকল্যান্ডে গ্লেন ফিলিপসের দুর্দান্ত এক সেঞ্চুরিতে টি-টোয়েন্টি ফরম্যাট নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ে ভারতকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা।
অকল্যান্ডে চতুর্থ টি-টোয়েন্টিতে ২৫৯ রান করে কিউইরা, এই সংস্করণে এটি তাদের সর্বোচ্চ। ২০২২ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ২৫৪ রান তাদের আগের রেকর্ড। ভারতের বিপক্ষেও টি-টোয়েন্টিতে যেকোনো দলের সর্বোচ্চ সংগ্রহ এটি। চলতি বছরই সাউথ্যাম্পটনে ২৫৭ রান করেছিল ইংল্যান্ড।
চারে নেমে আজ ১০ ছক্কা ও ৬টি চারে ৪৯ বলে ১০৭ রান করেছেন ফিলিপস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তার তৃতীয় সেঞ্চুরি। নিউজিল্যান্ডের হয়ে এই সংস্করণে এটা যৌথভাবে সর্বোচ্চ। তিনটি করে সেঞ্চুরি আছে ফিন অ্যালেন ও কলিন মানরোর। এছাড়া ব্রেসওয়েল করেছেন ৬৫ রান। ফিলিপসের সঙ্গে তার ৪১ বলের জুটিতে আসে ১১৫ রান।
২৬০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভারতের ইনিংস থামে ৯ উইকেটে ১৭২ রানে। এতে ৮৭ রানের বড় জয় পায় কিউইরা। টি-টোয়েন্টিতে রানের হিসেবে ভারতের বিপক্ষে যা তাদের সবচেয়ে বড় জয়। ২০১৯ সালে ৮০ রানের জয় ছিল আগের সেরা।
২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সফলতম বোলার জ্যাকব ডাফি। দুটি করে উইকেট পেয়েছেন ম্যাথু ফিশার ও মিচেল স্যান্টনার।