ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
শুক্রবার (৩০ অক্টোবর) জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন এ কর্মসূচির কথা জানান।
তিনি অভিযোগ করেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকলেও ফলাফলে নিজেদের মতো করে ভোটের হার দেখানো হয়েছে।
দেলাওয়ার হোসেন বলেন, বিএনপিকে ভোট না দিলে বাড়িতে থাকতে দেওয়া হবে না—এমন হুমকি দিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। পরে জোরপূর্বক ও অর্থের বিনিময়ে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।নির্বাচনে ব্যাপক জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে জামায়াতের এই প্রার্থী বলেন, আটক ব্যক্তিদেরও পরে ছেড়ে দেওয়া হয়েছে। ভোট গণনার সময় পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। অনেককে মারধর করে গুরুতর আহত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেন দেলাওয়ার হোসেন।
তার দাবি, এসব ঘটনায় প্রশাসনের কাছ থেকে যথাযথ সহযোগিতা পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
রাত পৌনে ১০টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এতে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।
শীর্ষনিউজ