Image description

চার দফা দাবিতে আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে। বিকেল সাড়ে ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলটির নেতা আখতার হোসেন। এ ছাড়া এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্যসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

চার দফা দাবির মধ্যে রয়েছে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ। একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিও জানিয়েছে দলটি।

এ ছাড়া মানবাধিকার ও বাক্‌স্বাধীনতার পরিপন্থি সব ধরনের আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করার দাবি রয়েছে। তাদের চতুর্থ দাবি, জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে অবিলম্বে তা কার্যকর করতে হবে।

এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত এ কর্মসূচিতে দলের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।