Image description

বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বিএনপি আট মাসে লেজেগোবরে মাখিয়ে ফেলেছে। আট মাস যায়নি, তাতেই চারজন এমপি-মন্ত্রীর পদত্যাগ করা হয়ে গেছে। তাদের সকালে এক কথা, বিকেলে আরেক কথা। এমপিরা পিস্তল নিয়ে নামে মাদক থামাবে বলে। অথচ সরকারের একজন বড় মন্ত্রীর বাড়ির পাশ দিয়েই সব মাদক আসে।’

আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এ মন্তব্য করেন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার বলেন, ‘৩০ থেকে ৪০ হাজার কোটি টাকার উন্নয়নকাজ একজন মন্ত্রীর ছেলেকে দেওয়া হয়েছে, ভাইকে দেওয়া হয়েছে। বিএনপির সারা দেশে লুটপাটের হাট বসিয়েছে। ঠাকুরগাঁওয়ের যেখানে যেখানে চাঁদাবাজি ছিল, সব জায়গায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের লোকেরা ভাগ বসিয়েছে।’

জামায়াতের সেক্রেটারি জেনারের বলেন, ‘আবার এখানে বিএনপির এমপি হলে টাকা দেবে সরকার; কিন্তু ঠাকুরগাঁওবাসী উন্নয়ন পাবে না। উন্নয়ন চলে যাবে বিএনপির চাঁদাবাজ, নেশাখোরদের পকেটে।’

আট মাসে বিএনপি জনগণের দুর্ভোগ শেষ করতে পারেনি বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘সারের ডিলার নিয়োগ দিতে গিয়ে তারা দলীয় লোক নিয়োগ দিয়েছে। এক বাড়িতে ভাই-বন্ধু, চাচা-ভাতিজা, শালা সবাইকে ডিলার নিয়োগ দিয়েছে। তারা এক একটা ডিলার নিয়োগে ১০ থেকে ১২ লাখ টাকা ঘুষ নিয়েছে।’

জামায়াতের এই নেতা বলেন, ‘যারা কৃষকের সার মেরে খায়, বিদ্যুৎ দিতে পারে না, গ্যাস দিতে পারে না, ছয় মাসে তিন থেকে চারবার জ্বালানির দাম বাড়ায়, তাদের কাছে কি দেশের অর্থনীতি, জানমাল নিরাপদ থাকতে পারে?’

জনসভায় তিনি গোলাম পরওয়ার ছাড়াও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও আব্দুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।