Image description

শান্তিপূর্ণভাবে সদ্য সমাপ্ত দুর্গাপূজা শেষ হওয়া নিয়ে ‘সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার এই মন্তব্য একটি দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান থেকে সরকারের স্পষ্ট সাফল্যকে এভাবে অস্বীকার করা সংকীর্ণ ও হীন মানসিকতারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একইসঙ্গে নাহিদদের এই মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থীও বলে মনে করছেন তিনি।

আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ফেসবুকের এক পোস্টে এ মন্তব্য করেন নাছির। এর আগে গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) নাহিদ রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা শেষ হয়েছে। এ জন্য হিন্দু-মুসলিম সকল শান্তিপ্রিয় মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই। সাধারণ মানুষ, বিরোধী দল ও মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়ে সহযোগিতা করেছে।’

নাহিদের এমন বক্তব্যের সমালোচনা করে ফেসবুকের পোস্টে নাছির লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে চলতি বছর সারা দেশে অভূতপূর্ব নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সুষ্ঠু আইনশৃঙ্খলার এই সাফল্য আজ দেশ-বিদেশে সর্বজনবিদিত এবং প্রশংসিত।’’

‘‘অথচ অত্যন্ত দুঃখের বিষয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, ‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত হওয়াতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’। একটি দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান থেকে সরকারের স্পষ্ট সাফল্যকে এভাবে অস্বীকার করা সংকীর্ণ ও হীন মানসিকতারই বহিঃপ্রকাশ।’’

তিনি লেখেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের মানুষ যখন এক নতুন ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা করছে, যেখানে বিএনপি সরকার বিরোধী দলের প্রতিটি যৌক্তিক মতামতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে; সেখানে বিরোধী রাজনীতির এমন সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও দায়িত্বহীন মন্তব্য জনআকাঙ্ক্ষা ও রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

নাছির আরও লেখেন, সরকারের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং ভুলত্রুটি নিয়ে যৌক্তিক সমালোচনা করাই হলো আধুনিক ও গঠনমূলক রাজনীতির সৌন্দর্য। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে কেবল সরকারি দলের রাজনীতিতেই নয়, বিরোধী দলের রাজনীতিতেও ইতিবাচক পরিবর্তনের হাওয়া বইবে,এমনটাই সবার প্রত্যাশা। তাই কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করার পুরোনো ধারা থেকে বেরিয়ে এসে আমি বিরোধী দলকে অন্ধ বিরোধিতার এই সংকীর্ণ রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাই। সবার আগে বাংলাদেশ!