বরিশালে প্যারোলে দেড় ঘণ্টার জন্য মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা। শনিবার দুপুরে হাতকড়া পরা অবস্থায় তিনি জানাজা ও দাফনে অংশ নেন। ওই নেতার নাম সাফিন আহমেদ সুমন। তিনি বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক।
জানা গেছে, সুমন নগরীর কাউনিয়া প্রথম গলির বাঁশতলা এলাকার নুর হাওলাদারের ছেলে। গত ১১ সেপ্টেম্বর দুপুরে চাঁদমারী এলাকায় ছাত্রলীগের ব্যানারে মিছিল করার অভিযোগে করা মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। সুমনের মা তাছলিমা বেগম গত শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে দেড় ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ বলেন, সুমনকে বেলা ২টায় কাউনিয়া প্রথম গলির বাসভবনে নেওয়া হয়। জানাজা ও দাফন শেষে বেলা সাড়ে ৩টায় তাঁকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর চাঁদমারী এলাকায় মিছিল করার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক এস এম রায়হান আজাদ। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে সুমনকে