১৭ বছর পর দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, এখনই সরকার পতনের আন্দোলন বা এক দফা দাবিতে যাওয়ার সময় আসেনি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিরোধী দল ও এক দফার দাবিতে সোচ্চার ব্যক্তিদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দিনব্যাপী ‘ক্লিন ডে’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাবি শাখা ছাত্রদলের উদ্যোগে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর এক মতবিনিময় সভায় ৩ অক্টোবর কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
আবদুস সালাম বলেন, ‘১৭ বছর পরে গণতান্ত্রিক পথে আমরা হাঁটা শুরু করেছি। এখনই এই সরকারকে ফেলে দেয়ার সময় আসেনি। এখনই এক দফায় যাওয়ার মতো সময় আসেনি, ধৈর্য ধরেন। যারা এক দফা বলেন, তারা কি গণতন্ত্রকে বিনষ্ট করতে চান? তারা কি আজকে নির্বাচনের মাধ্যমে আবার সরকার পরিবর্তন হোক, সেই পথটাকে বন্ধ করে দিতে চান?’
তিনি আরও বলেন, ‘আজকে শুধু বাইরের আবর্জনা নয়, উদীয়মান নেতাদের মনের আবর্জনাও তারা যেভাবে উগলিয়ে দিচ্ছে, তাতেই পরিবেশ নষ্ট হচ্ছে। দেশের পরিবেশ নষ্ট হচ্ছে। তাদেরকেও বলব ধৈর্য ধরতে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, বাংলাদেশের ইতিহাসে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তনেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নেতৃত্ব দেয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ শুধু এক দিনের কর্মসূচি নয়। সারা বছর পরিচ্ছন্নতা বজায় রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হলে ময়লা-আবর্জনা ও জমে থাকা পানির কারণে মশার লার্ভা তৈরি হচ্ছে। তাই পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতা জরুরি।
উপাচার্য আরও বলেন, শুধু এক দিনের জন্য নয়, ৩৬৫ দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে সবুজায়নের জন্য বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাপান থেকে একটি দল দেশে আসবে বলেও জানান উপাচার্য।
কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে ২০০টি ডাস্টবিন সরবরাহের কথা জানানো হয়েছে। টিএসসি এলাকা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দিনব্যাপী এ কর্মসূচি চলবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রক্টর অধ্যাপক ড. এম. মাকসুদুর রহমান, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।