বিমানবন্দরের দুই কর্মকর্তার গায়ে হাত তোলা এবং নির্বাহী পরিচালককে মারতে উদ্যত হওয়ার অভিযোগে মেজর আক্তারের বিরুদ্ধে মামলা ও আটকের প্রসঙ্গ তুলে জামায়াতের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।
শনিবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সরকার অপরাধীদের শাস্তি দেয়, আর জামায়াতে ইসলামী অপরাধীদের আস্কারা দিচ্ছে।
পোস্টে সুজাউদ্দৌলা অভিযোগ করেন, জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকার’ বানিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে আরেকজন কথিত নেতা মেজর আক্তার। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর মেজর আক্তার জামায়াতে যোগ দিয়েছেন বলেও দাবি করেন তিনি।মেজর আক্তার প্রসঙ্গে সুজাউদ্দৌলা বলেন, তিনি বিমানবন্দরের দুই কর্মকর্তার গায়ে হাত তুলেছেন এবং নির্বাহী পরিচালককে আপত্তিকর ভাষায় কথা বলে মারতে উদ্যত হয়েছেন। দায়িত্ব পালনরত অবস্থায় কারও গায়ে হাত তোলা ফৌজদারি অপরাধ উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং মেজর আক্তারকে আটক করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, মেজর আক্তার আটকের পর জামায়াতের নেতারা তার পক্ষে অবস্থান নিয়েছেন। জামায়াতের আমির বিবৃতি দিয়ে মেজর আক্তার কোনো অপরাধ করেননি বলে দাবি করেছেন বলেও উল্লেখ করেন তিনি।জামায়াতের সমালোচনা করে সুজাউদ্দৌলা বলেন, জামায়াতের ‘মেশিনে’ গেলে সবকিছু জায়েজ হয়ে যায়। তিনি আওয়ামী লীগ ও জামায়াতকে তুলনা করে দলটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন।
পোস্টের শেষে সুজাউদ্দৌলা বলেন, সরকার অপরাধীদের শাস্তি দেয়, আর জামায়াত তাদের আস্কারা দিচ্ছে।
শীর্ষনিউজ