ছেলে সাব্বির আহমদ (২১) নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। সে খবর পেয়ে থানায় ছেলেকে দেখতে গিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা বাবা আব্দুল মান্নান (৫৮)। তাকেও করা হয়েছে গ্রেপ্তার। পরবর্তী সময়ে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
এ ঘটনা ঘটেছে নোয়াখালীর সোনাইমুড়ীতে। আজ শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি জানিয়েছেন সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন।
গতকাল শুক্রবার দুপুরে সাব্বিরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বাবা-ছেলেকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার সাব্বির উপজেলার চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে থানায় যান বাবা আব্দুল মান্নান। পরে তাকেও গ্রেপ্তার করা হয়।
পরিবারের দাবি, বাবা-ছেলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না।
সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেছেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকার। সেই নিষেধাজ্ঞা এখনও রয়েছে বহাল। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায়ও রয়েছে নিষেধাজ্ঞা।