Image description

কওমি ধারার সাতটি ধর্মীয় রাজনৈতিক দলের দীর্ঘদিনের সম্ভাব্য ঐক্যের রূপরেখা চূড়ান্ত করতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে আজ (রবিবার) বৈঠকে বসছেন।

চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ঐক্য প্রক্রিয়ায় যুক্ত সাতটি দলের প্রতিটির পক্ষ থেকে পাঁচজন করে প্রতিনিধি এতে অংশ নেবেন বলে প্রথম আলোর বরাতে জানা যায়।

হেফাজত সূত্রে জানা গেছে, বৈঠকে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ছাড়াও রূপরেখা তৈরির জন্য গঠিত উপকমিটির সদস্য এবং সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। দলগুলোর দেওয়া পৃথক প্রস্তাবগুলো সমন্বয় করে উপকমিটি যে খসড়া রূপরেখা তৈরি করেছে, তা এই বৈঠকে উপস্থাপন করা হবে। আলোচনার মধ্য দিয়ে ঐকমত্য তৈরি হলে রবিবারই তা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে বলেন, আমির ও মহাসচিবের উপস্থিতিতে বৈঠকে খসড়া রূপরেখাটি তোলা হবে। এরপর নেতাদের আলোচনার ভিত্তিতে তা চূড়ান্ত হতে পারে।

ঐক্য প্রক্রিয়ায় থাকা সাতটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, হেফাজত আমিরের পক্ষ থেকে ডাকা বৈঠকে তারা অংশ নেবেন। তবে সেখানে কী কী বিষয়ে আলোচনা হবে, সেটি উপকমিটিই ভালো বলতে পারবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, সাত দল নিজ নিজ প্রস্তাব দেওয়ার পর উপকমিটি একটি সমন্বিত রূপরেখার খসড়া করে দলগুলোর সাথে বৈঠক করবে—হেফাজতে ইসলামের পক্ষ থেকে এমন কথা বলা হয়েছিল। সে অনুযায়ী বৈঠকের সময় নির্ধারণ করে দলগুলোকে ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত হয়ে তারা ঐক্যের রূপরেখা নিয়ে আলোচনায় অংশ নেবেন।

এ ছাড়া খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারাও বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঐক্যের রূপরেখা প্রস্তুতে দফায় দফায় বৈঠক

কওমি ধারার সাত ইসলামি দলের ঐক্য প্রক্রিয়ার যাত্রা শুরু হয় গত ১৬ জুলাই। সেদিন চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগরে হেফাজত আমিরের সভাপতিত্বে সাত দলের নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে নীতিগতভাবে একমত হন দলগুলোর নেতারা।

পরে সাত দলকে ৩ আগস্টের মধ্যে ঐক্যের রূপরেখা চূড়ান্তে তাদের প্রস্তাব জমা দিতে বলা হয়। প্রস্তাবগুলো পর্যালোচনা ও সমন্বয়ের জন্য হেফাজতের উদ্যোগে সাত সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়।

হেফাজতে ইসলাম সূত্র জানায়, গত ১৬ জুলাই প্রথম বৈঠকের পর গঠিত উপকমিটি অন্তত তিনবার বৈঠক করেছে। এর মধ্যে দুবার ঢাকায়, একবার চট্টগ্রামে। এসব বৈঠকে দলগুলোর দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর ১ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় ওই উপকমিটির বৈঠকে সাত দলের পৃথক প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করে একটি সমন্বিত রূপরেখা তৈরির কাজ শেষ করা হয়।