Image description

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের আজ জন্মদিন। তারকা মা-বাবার সংসারের বিচ্ছেদ হলেও একমাত্র সন্তান জয়ের ক্ষেত্রে শাকিব ও অপু সবসময়ই এক সুতোয় বাঁধা। ছেলের এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড কিং ও অপু বিশ্বাস।

শাকিব খান সামাজিক মাধ্যমে ছেলের একটি সুন্দর ছবি পোস্ট করে সংক্ষেপে কিন্তু হৃদয়ের গভীর থেকে লেখেন, ‘শুভ জন্মদিন, বাবা। তুমি যেন সর্বদা আকাশের তারা ছোঁয়ার মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো!’

অন্যদিকে, মা অপু বিশ্বাসও কোনো অংশে পিছিয়ে ছিলেন না। ছেলের প্রতি নিজের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন মাশাল্লাহ’।

ঢালিউডের ইতিহাসে শাকিব খান ও অপু বিশ্বাস জুটি ছিলেন অন্যতম সফল ও জনপ্রিয়। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিতে গিয়ে তাদের সম্পর্কের রসায়ন পর্দায় যেমন জমে উঠেছিল, বাস্ত্বেও তা গড়িয়েছিল প্রেমের সম্পর্কে।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। তবে ক্যারিয়ার ও কাজের খাতিরে দীর্ঘদিন সেই বিয়ের খবর লুকিয়ে রাখা হয়েছিল চার দেয়ালের আড়ালে। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়।

সন্তানের জন্মের পরও খবরটি গোপন ছিল দীর্ঘদিন। তবে ২০১৭ সালের ১০ এপ্রিল হঠাৎ করেই এক বেসরকারি টিভি চ্যানেলে হাজির হন অপু বিশ্বাস। সেদিন কোলে ছোট্ট শিশু জয়কে নিয়ে সরাসরি সম্প্রচারে অপু প্রকাশ করেন তাদের বিয়ে ও সন্তানের কথা।

রাতারাতি সেই খবর ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে, যা ঢালিউড ইতিহাসের অন্যতম চর্চিত ও আলোচিত ঘটনা হিসেবে পরিণত হয়।

পরে ২০১৮ সালে শাকিব ও অপুর দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। তবে সম্পর্কের টানাপড়েন, কিংবা আইনি বিচ্ছেদ কোনোটাই বাবা হিসেবে শাকিব এবং মা হিসেবে অপুর দায়িত্বকে স্পর্শ করতে পারেনি।

পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান, জন্মদিন কিংবা ছুটির দিনে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় শাকিব, অপু ও জয়কে। কিছুদিন আগেও বিদেশে এ তিনজনকে একসঙ্গে ছুটি কাটাতে ও ঘুরে বেড়াতে দেখা গেছে, যা দেখে ভক্তরাও বেশ আনন্দ প্রকাশ করেছেন।

শাকিব খান একাধিকবার স্পষ্ট করেছেন, তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার ও ভালোবাসার জায়গা হলো তার সন্তানরা। অপু বিশ্বাসও সবসময় ছেলের বাবা হিসেবে শাকিব খানের প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধাবোধ প্রকাশ করে আসছেন।

আজ জয়ের বিশেষ দিনে ভক্ত অনুরাগী ও ঢালিউডের তারকারাও মিষ্টি আদুরে জয়ের জন্য ভালোবাসা ও শুভকামনা উজাড় করে দিচ্ছেন।