Image description

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রসঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে তার অবস্থান স্পষ্ট নয়। ভারসাম্যহীন বক্তব্য দেওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীর অভ্যাসে পরিণত হয়েছে।’

রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

 

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের মাধ্যমেই ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় তাদের সম্পৃক্ততার বিষয়টি বোঝা যায় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ ধরনের অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্তের মাধ্যমেই নির্ধারিত হবে।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা বলছেন ৯ দলের ৯ দফা মেনে নিলে ককটেল বিস্ফোরণ হবে না, তাতে কী বোঝা যায়? দাবি মানার জন্যই ককটেল মারা হচ্ছে। আগে বোধ হয় ১১ দল ছিল, চরমোনাই পীরের দল ও খেলাফত মজলিস বেরিয়ে যাওয়ায় সংখ্যা এখন ৯-এ দাঁড়িয়েছে এবং দফাও ৯টা।

 

রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিক ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না।

 

তিনি বলেন, মিরপুরের ভাঙচুরের ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধের সঙ্গে যারই সম্পৃক্ততা থাকুক, তার রাজনৈতিক পরিচয় দেখা হবে না।

 

রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাফিলতি ছিল বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ ঘটনায় সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, শনিবার জাসদ কার্যালয় থেকে যাদের আটক করা হয়েছিল, যাচাই-বাছাই শেষে তাদের অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জন ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।

 

ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলামের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।