শরীয়তপুরের জাজিরায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। জন্মদিন পালন করতে সেখানে জড়োও হয়েছিলেন তারা। কিন্তু খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জন্মদিনের কেক ও মোটরসাইকেল রেখে পালিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিকে জাজিরা উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শনিবার সন্ধ্যায় জোড়াব্রিজ এলাকায় কয়েকজন যুবক জড়ো হন। একপর্যায়ে সেখানে কেক কাটার আয়োজন করা হয়। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা দ্রুত সরে যান। এ সময় ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, জোড়াব্রিজ এলাকায় হঠাৎ কয়েকজন যুবককে জড়ো হতে দেখা যায়। পরে সেখানে কেক কাটার আয়োজন করা হয়। পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে উপস্থিত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।