Image description

চট্টগ্রামের পটিয়ায় মসজিদের দোকান ভাড়া আদায়কে কেন্দ্র করে মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবু ছিদ্দিক (৫৬) পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বৈলতলী রোড এলাকার বাসিন্দা ও হাজী আবদুস ছাত্তারের ছেলে।

গতকাল শনিবার রাত ৮টার দিকে পটিয়া পৌর সদরের বৈলতলী রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত মোতোয়াল্লি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ‘হাজী আবদুস সাত্তার জামে মসজিদ’-এর একটি দোকান পাঁচ বছরের জন্য ভাড়া নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের নেতা শাহজাহান চৌধুরী। তিনি পরবর্তীতে দোকানটি মো. ইমরান নামের এক ব্যক্তির কাছে উপ-ভাড়াটিয়া (সাব-লেট) হিসেবে হস্তান্তর করেন। শনিবার রাতে মসজিদের মোতোয়াল্লি আবু ছিদ্দিক বকেয়া ভাড়া আদায় করতে গেলে প্রথমে উপ-ভাড়াটিয়া ইমরানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

 

পরবর্তীতে যুবদল নেতা শাহজাহান চৌধুরী ঘটনাস্থলে এলে তার সঙ্গেও মোতোয়াল্লির কথা-কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে শাহজাহান চৌধুরী ও তার সহযোগীরা মোতোয়াল্লি আবু ছিদ্দিককে কিল-ঘুষি মেরে রক্তাক্ত করেন বলে অভিযোগ ওঠে।

 

আহত মোতোয়াল্লি আবু ছিদ্দিক অভিযোগ করে বলেন, শাহজাহান চৌধুরী ও তার এক সহযোগীর নেতৃত্বে আমার ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। মূলত মসজিদ কমিটিকে পাওনা ভাড়া না দেওয়ার উদ্দেশেই তারা এই ঘটনা ঘটিয়েছে।

 

তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের নেতা ও উক্ত মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী। তিনি দাবি করেন, মোতোয়াল্লি নিজেই অতর্কিতভাবে বাকবিতণ্ডায় লিপ্ত হন। আমি তাকে কোনো মারধর বা কিল-ঘুষি মারিনি; তিনি একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, ঘটনাটি সম্পর্কে তিনি এখনও অবগত নন এবং এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।