Image description

ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজধানীর কড়াইল এলাকায় প্রায় ১০ হাজার মশারি বিতরণ করেছেন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান, চিকিৎসক, সমাজসেবক ও রাজনীতিবিদ ডা. এসএম খালিদুজ্জামান।

শনিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে কড়াইল এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ডা: খালিদুজ্জামান বলেন, কোনো অবৈধ অর্থ নয়, নিজের বৈধ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারায় তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দেশে ডেঙ্গুর প্রকোপ ও এতে মানুষের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে ডা: খালিদুজ্জামান বলেন, গত বছর ও চলতি বছর মিলিয়ে ডেঙ্গুতে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে পর্যাপ্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ রাষ্ট্রের দায়িত্ব ছিল উল্লেখ করে তিনি বলেন, যথাযথ ব্যবস্থা নেওয়া গেলে আক্রান্তের সংখ্যা কমিয়ে আনা সম্ভব হতো এবং মানুষকে এভাবে নিজেদের সুরক্ষার ব্যবস্থা করতে হতো না।

স্থানীয় সরকার ব্যবস্থা নিয়েও কথা বলেন ডা: খালিদুজ্জামান। তাঁর ভাষ্য, নির্বাচিত জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের প্রয়োজন ও দুর্ভোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। যেসব জায়গায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলর থাকার কথা, সেখানে প্রশাসক নিয়োগ দেওয়ার সমালোচনা করে এ ব্যবস্থার তীব্র নিন্দা জানান তিনি।

রাজনৈতিক প্রসঙ্গ টেনে ডা: খালিদুজ্জামান দাবি করেন, ৫ আগস্টের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় ভূমিকা রেখেছেন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবাইকে সঙ্গে নিয়ে দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় অর্থ ও জনগণের সেবার জন্য বরাদ্দ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। তাঁর ভাষ্য, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মশারি ও মশা নিধনসহ জনসেবার জন্য বরাদ্দ অর্থের অপব্যবহার হতে দেওয়া হবে না। একই সঙ্গে চাঁদাবাজি বন্ধ করা গেলে দ্রব্যমূল্য কমিয়ে আনার পথও সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে শুধু মশারি ব্যবহারের ওপর নির্ভর না করে নিজ নিজ বাসস্থান ও আশপাশ পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান ডা: খালিদুজ্জামান।

সবশেষে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচন কিংবা রাজনৈতিক কর্মসূচির গণ্ডির বাইরে থেকেও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন ডা. এসএম খালিদুজ্জামান।