Image description

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে এসে মেধা ও যোগ্যতার মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, সরকারি চাকরিতে প্রবেশ কোনো রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়। একজন নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই নিয়োগের ক্ষেত্রে একমাত্র বিবেচ্য হওয়া উচিত।

ভেরিফিকেশনের নামে ‘ফ্যাসিবাদী আমলের’ কর্মকাণ্ড পরিত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সে সময়ের অনুরূপ যেকোনো কূটতৎপরতা জনগণ মেনে নেবে না।

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ছাড় দিলে বাংলাদেশ মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত হবে। তাই এ ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।