Image description

বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্ট গুপ্ত-সুপ্তরা কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, একাত্তরে যারা রাজাকার ছিল, নব্বইয়ে যারা স্বৈরাচার ছিল এবং চব্বিশে যারা বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি-মুনাফিকি করেছে, তারা প্রয়োজনে এক হতে পারে। স্থানীয় নির্বাচন আসছে। অনেকে হয়তো বিভিন্নভাবে ভোটে জয়যুক্ত হওয়ার জন্য ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করার চেষ্টা করছেন। ওই ফ্যাসিস্টরা যেন আমাদের ভোটে অন্তর্ভুক্ত হতে না পারে, এই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে, আমাদের দলের ও সরকারের কার্যক্রমকে যদি মাঠে-ঘাটে, হাটে-বাজারে প্রচার করতে পারি, তাহলে গুপ্ত-সুপ্তরা ঐক্য হয়ে আমাদের কোনো কিছু করতে পারবে না।

ফরহাদ হোসেন আজাদ বলেন, কয়েকদিন আগে এক দলের নেতার বক্তব্যে আমরা পরিষ্কার হয়েছি— কারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। যেখানে সন্ত্রাস, যেখানে অগ্নিসংযোগ, যেখানে ককটেল, যেখানে বোমা, যেখানে ওই ফ্যাসিস্ট, সেইখানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিহত করতেই হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং চব্বিশের ছাত্র-জনতা আন্দোলন, জুলাই অভ্যুত্থান—প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু জিয়া পরিবার, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের অবদান অনস্বীকার্য এবং সেটা পরীক্ষিত।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা অধিকাংশ নেতাকর্মী মামলা খাইছেন, জেলে গেছেন। কিন্তু এখন অনেক জায়গায় হাইব্রিডরা চলে আসার চেষ্টা করছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেসেজ ক্লিয়ার, যারা বিগত দিনে আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, আন্দোলন-সংগ্রামে জেল-জুলুম শিকার হয়েছেন, আমরা তাদেরকে প্রিভিলেজ দিয়ে, তাদেরকে সামনে রেখে আমরা দলের কাজ করব।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।